যুগি সম্প্র্রদায়ের এখন দুর্দিন
পানকে রসাল ও রুচিশীল করতে চুনের বিকল্প নেই। এ চুনের জোগান দেয় যুগি সম্প্র্রদায়। বর্তমানে বরিশালের আগৈলঝাড়া উপজেলার যুগি সম্প্র্রদায়ের চলছে দুর্দিন।সরেজমিনে যুগি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার এ সম্প্র্রদায়ের প্রায় ৩০০ পরিবার বিল, বাঁওড় ও জলাশয় থেকে ঝিনুক-শামুক সংগ্রহ করে চুন তৈরি করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। বিল-বাঁওড় বিনষ্ট, শামুক ও ঝিনুকের দুষ্প্রাপ্যতা, অর্থসংকট এবং চুনের দাম কমে যাওয়ায় আগৈলঝাড়ার যুগি সম্প্র্রদায়ের বর্তমানে চরম দুর্দিন চলছে। ক্রমেই তারা বাপ-দাদার এ পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন।২৩ মে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামের যুগিপল্লিতে বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বহুদিন থেকে এ পল্লির প্রায় শতাধিক পরিবার তাদের বাপ-দাদার পেশা হিসেবে যুগি পেশাকে আঁকড়ে আছেন। এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও শতাধিক পরিবার এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন। এরা সবাই চুন তৈরি করে জীবিকা নির্বাহ করছে। যুগিপাড়ার বাসিন্দা সিদ্ধেশ্বর হালদার জানান, বর্তমানে অর্থ ও কাঁচামালের অভাবে চুন তৈরি করতে না পারায় প্রতিটি পরিবার স্ত্রী-পরিজন নিয়ে অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবার অর্থাভাবে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পাড়ার অপর বাসিন্দা বিবেক হালদার বলেন, ‘একসময় আগৈলঝাড়াসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার নদী-নালা, খাল-বিল ও পুকুরে প্রচুর পরিমাণে শামুক ও ঝিনুক পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। প্রতি বস্তা শামুক চার থেকে সাড়ে ৪০০ টাকায় ক্রয় করতে হয়। এ ছাড়া ৪০ কিলোগ্রাম শামুকের টোকরা পোড়াতে দেড় মণ জ্বালানিকাঠ (লাকড়ি) প্রয়োজন। এ পোড়া শামুক একটি পাকা করা গর্তে রেখে বাঁশের ও কাঠের গাইনের সাহায্যে চূর্ণ করে পরিমাণমতো পানি দিয়ে চুন তৈরি করা হয়। এক মণ চুন তৈরি করতে দুজন শ্রমিকের ছয় ঘণ্টা সময় লাগে। প্রতি মণ চুন বিক্রি করলে লাভ হয় ৮০ থেকে ৯০ টাকা। বর্তমানে বিভিন্ন মৎস্য ঘেরে শামুক নেওয়ায় আমাদের শামুকসংকটে পড়তে হয়, যা পাওয়া যায় তাও চড়ামূল্যে ক্রয় করতে হয়।’ বিজয়কৃষ্ণ হালদার জানান, তিন কেজি শামুক পোড়ালে এক কেজি গুঁড়া চুন এবং পানিচুন করা হলে পাঁচ কেজি হয়। এক কেজি গুঁড়া চুন ২০ টাকায় এবং পানি-চুন ১০ টাকায় বিক্রি করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘চুন তৈরি কইরা এ্যাহন আর মোগো সোংসার চলে না। মোগো পাড়ার অনেকেই বাপ-দাদার পেশা ছাইরা অন্য কাম (কাজ) করছে। আগে মোগো বিভিন্ন এনজিও থেইক্কা লোন (ঋণ) দেত। পেশা স্থায়ীত্ব না থাহায় এ্যাহন আর মোগো কোনো এনজিও লোন দ্যায় না।’