যুগ্ম সচিব পদে ১৪৮ জনের পদোন্নতির সুপারিশ, বাদ ১০০
জনপ্রশাসনে অন্তত ১৪৮ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এদের সবাই ১৯৮৪ সালে চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তা। সুপারিশকৃত কর্মকর্তাদের মধ্যে কমবেশি ১২৬ জন প্রশাসন এবং প্রায় ২২ জন অন্যান্য ক্যাডারের বলে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সূত্র জানায়। তবে প্রাপ্ত নম্বর না থাকা, বিভাগীয় মামলাসহ অন্যান্য অভিযোগ থাকার কারণে বাদ পড়েছেন প্রায় ১০০ কর্মকর্তা। অবশ্য বাদ পড়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাও ক্ষেত্রবিশেষে গুরুত্ব পেয়েছে। আবার কিছু কর্মকর্তা সরকারবিরোধী রাজনৈতিক পক্ষের চিহ্নিত হলেও তাঁরা পদোন্নতির জন্য সুপারিশকৃত হয়েছেন বলেও জানা যায়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা বৈঠকে পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়। বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এসএসবির সভায় এ সুপারিশ চূড়ান্ত করা হয়। বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার সভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত রোববার এসএসবির সভায় ৮৪ জনের পদোন্নতির জন্য সুপারিশ চূড়ান্ত করে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু তখন অভিযোগ ওঠে, বিএনপি-জামায়াত জোট সরকারের অনুগত প্রায় ৪৫ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ অনুমোদন না করে আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। আজকের বৈঠকে পদসংখ্যা বাড়িয়ে কমবেশি ১৪৮ জনের পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে আগের প্রশ্নবিদ্ধ ৪৫ কর্মকর্তার সংখ্যা কিছুটা কমিয়ে ৩০-এ নামানো হয়েছে বলে জানা গেছে। এসএসবি সূত্র জানায়, ঈদের আগেই পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশের উদ্যোগ রয়েছে। আগামী সোমবারের মধ্যে প্রধানমন্ত্রী সুপারিশ অনুমোদন করলে তা প্রকাশ করা হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যমূলকভাবে কাউকে বঞ্চিত করা বা পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। ঈদের পরে উপসচিব পদে পদোন্নতির জন্য এসএসবির সভা হবে বলেও তিনি জানান।