যুগ্ম সচিব পদে ১৫৮ জনের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে ১৫৮ জন উপসচিব বা সমপদমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির এই প্রক্রিয়ায় বঞ্চিত হওয়ায় জ্যেষ্ঠতা হারিয়েছেন ১৯৮৬ সালে চাকরিতে যোগ দেওয়া (’৮৪ ব্যাচ) কর্মকর্তাদের ২১০ জন। এ ছাড়া এই ব্যাচের ১০৭ জন কর্মকর্তা দ্বিতীয়বারের মতো বঞ্চিত হলেন। প্রথম দফায় বঞ্চিত ৪৩ জন এবার পদোন্নতি পেয়েছেন। এ নিয়ে প্রশাসনে জ্যেষ্ঠতা হারানো বা বঞ্চিত কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে পদভেদে প্রায় সাড়ে সাত শ।এদিকে পদোন্নতি পাওয়া আটজন জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব থেকে তদূর্ধ্ব পদে প্রেষণে নিয়োজিত ৪৩ জন কর্মকর্তাকে বর্তমান পদে বহাল রাখা হয়েছে। এ ছাড়া ১০৭ জনকে ওএসডি করে গতকাল পৃথক আদেশ জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়। বঞ্চিত কর্মকর্তারা বলছেন, পদোন্নতি-প্রক্রিয়ায় নীতিমালা না মেনে ক্ষেত্রবিশেষ রাজনৈতিক বিবেচনা ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়টি বেশ খোলামেলাভাবে দেখা যাচ্ছে। এ কারণে সব যোগ্যতা থাকার পরও অনেকে পদোন্নতি পাননি। বিপুলসংখ্যক কর্মকর্তা জ্যেষ্ঠতা হারানোয় প্রশাসনের শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং হতাশ কর্মকর্তার সংখ্যা বাড়বে।যোগাযোগ করা হলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেন, আইন ও বিধির আওতায় যাঁরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের সবাইকে পদোন্নতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনা বা অন্য কোনো কারণে কাউকে বঞ্চিত করা হয়নি।এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ’৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন, ’৮৩ ব্যাচের নয়জন, ’৮৪ ব্যাচের ১০২ ও অন্যান্য ক্যাডারের ৪৬ জন কর্মকর্তা রয়েছেন। পদোন্নতির লক্ষণীয় দিক হলো, পদোন্নতি পাওয়া ’৮৪ ব্যাচের প্রথম দফায় বঞ্চিতসহ প্রায় সব নারী কর্মকর্তা এবার পদোন্নতি পেয়েছেন। বঞ্চিত ব্যক্তিদের মধ্যে যথারীতি ক্ষোভ-হতাশা লক্ষ করা গেছে। কেউ কেউ চাকরি ছাড়ার কথাও বলেছেন। এরই মধ্যে তিন সচিব চাকরি থেকে আগাম ইস্তফা দিয়েছেন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহসীন ও মোহাম্মদ আইয়ূব।প্রসঙ্গত, বর্তমান মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে সবচেয়ে বড় সংখ্যায় পদোন্নতি দেওয়া হয়। সে সময় উপসচিব পদে ২৭১, যুগ্ম সচিব পদে ১৬৩ ও অতিরিক্ত সচিব পদে ৬০ জনসহ ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তখন পদভেদে ৫২৬ জন পদোন্নতি থেকে বঞ্চিত হন।কী কারণে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বা বঞ্চনার ঘটনা ঘটছে, সে বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) একজন সদস্য নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, অতীতে পদোন্নতির পূর্ববর্তী পাঁচ বছরের চাকরির রেকর্ড পর্যালোচনা করা হতো। এখন সমগ্র চাকরিজীবনের তথ্য পর্যালোচনা করায় অনেকে পদোন্নতি পাননি। তিনি বলেন, এবার শুধু জ্যেষ্ঠতা নয়, কর্মকর্তাদের দক্ষতা এবং তাঁঁরা দুর্নীতিমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত কি না, সেটাও বিবেচনায় নেওয়া হয়েছে।এসএসবির অপর একজন সদস্য বলেন, পদোন্নতির আগে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন সংগ্রহ করা হয়। ১৯৯১-৯৬ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ছিলেন, ২০০১ সালের পর জোট সরকারের জেলা প্রশাসক ছিলেন, ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন—এমন কয়েকজনের পদোন্নতি দেওয়া প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, এখন তাঁদের সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক। তিনি বলেন, ছাত্রজীবনে শিবির করলেও এ কর্মকর্তাসহ ১৪ জন গোলাম আজমের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সংগঠন ত্যাগ করেছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু জেলা প্রশাসক বা জোট সরকারের মন্ত্রী-উপদেষ্টার পিএস-এপিএস থাকার কারণে কয়েকজনের পদোন্নতি না হওয়ার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, তাঁদের সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন ভালো নয়। প্রশাসনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া এবং সুপারম্যাট উত্তীর্ণ যে ১০-১২ জন কর্মকর্তা আছেন, তাঁদের মধ্যে দুজন দ্বিতীয় দফায়ও বঞ্চিত হয়েছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যাঁরা জেলা প্রশাসক ছিলেন, তাঁদের কেউ পদোন্নতি পেয়েছেন আবার কেউ পাননি। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে এমনটি ঘটেছে বলে বঞ্চিত কর্মকর্তারা মনে করছেন। পদোন্নতি না পাওয়ার আরও যেসব কারণ রয়েছে, তার মধ্যে বিভাগীয় মামলা, দুর্নীতির অভিযোগ, শৃঙ্খলাজনিত অভিযোগ এবং নির্ধারিত নম্বর না থাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য দুই দফা এসএসবির বৈঠক করা হয়। প্রথমবার বিবেচিত অনেকের নাম চূড়ান্তভাবে সুপারিশের সময় বাদ দেওয়া হয়।পদোন্নতির নিয়ম: চাকরিতে আসার ১০ বছর পরই একজন কর্মকর্তা পদোন্নতির যোগ্য হন। তবে পদোন্নতির নীতিমালা অনুযায়ী চাকরিতে স্থায়ী হওয়া, শিক্ষাগত যোগ্যতার সনদের মান, প্রতিটি পরীক্ষার নম্বর, শ্রেণী, চাকরিকালের দক্ষতা, সুনাম, বদনাম, শৃঙ্খলা, দুর্নীতি ইত্যাদি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত এসএসবি এসব পরীক্ষা করে পদোন্নতির যোগ্য কর্মকর্তার নাম সুপারিশ করে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা আদেশ আকারে জারি করা হয়। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পদোন্নতির নীতিমালা করা হয়।বর্তমান সরকার নীতিমালা সংশোধন করে পদোন্নতির পূর্ববর্তী পাঁচ বছরের স্থলে পুরো চাকরিকালের দক্ষতা বিবেচনায় নেওয়ার কথা সংযুক্ত করেছে। কোনো কর্মকর্তা ৮৫ নম্বর পেলে প্রাথমিকভাবে পদোন্নতির জন্য বিবেচিত হন।বিশেষজ্ঞ মত: সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, শুধু জ্যেষ্ঠ হলেই পদোন্নতি দিতে হবে, এ ধারণা ঠিক নয়। দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া জরুরি। যোগ্য কর্মকর্তার পদোন্নতি দেওয়া না হলে প্রশাসনে দক্ষতার মান কমবে। বিষয়টি একটি সুদূরপ্রসারী পরিকল্পনার মধ্যে এনে পর্যালোচনা করা দরকার। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণ ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পরিচালনার দীর্ঘদিনের কুফল আজকের বাস্তবতা। এ থেকে প্রশাসনকে মুক্ত করা কঠিন হয়ে পড়েছে।