যুদ্ধ কেড়ে নিয়েছে তাঁর সবকিছু
সেই স্কুলজীবন থেকেই এপ্রিল ও টম মারকামের প্রণয়। স্নাতক শেষ করার পর তাঁরা বিয়ে করেন। এরপর তাঁদের জীবনে ঘটে যায় অনেক কিছু। ২০০৮ সালে ইরাক যুদ্ধের ময়দান থেকে দেশে ফেরেন মার্কিন বিমানসেনা টম মারকাম। কিন্তু কোথায় থেকে কখন যেন কী হয়ে গেল! যুদ্ধে যাওয়ার আগে যে মানুষটি ছিলেন উচ্ছল ও প্রাণবন্ত, যুদ্ধ থেকে ফেরার পর সেই তিনি কেমন যেন বদলে গেছেন। তিনি আর আগের মতো নেই। যুদ্ধ কেড়ে নিয়েছে তাঁর সবকিছু।স্মৃতিচারণা করতে গিয়ে মারকামের স্ত্রী এপ্রিল বলেন, তাঁর স্বামী ছিলেন দারুণ যত্নশীল। তিনি তাঁর খুঁটিনাটি সব খবর নিতেন। এপ্রিলের উদ্দেশে কম্পিউটার বা হাতব্যাগে প্রতিদিন ভালোবাসার ছোট্ট চিরকুট লিখে রাখতেন মারকাম। কিন্তু এখন এপ্রিলই তাঁর প্রিয় মানুষটির জন্য মোবাইল ফোনে বার্তা লিখে যান। তবে তা ভালোবাসার চিরকুট নয়। সময়মতো দিনে চারবার ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার চিরকুট। মস্তিষ্কে আঘাত এবং আঘাত-পরবর্তী অন্যান্য মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে ইরাক যুদ্ধ থেকে ২০০৮ সালে দেশে ফেরেন মারকাম। তাঁর অবস্থা এতই খারাপ যে স্বামীর সেবার জন্য এপ্রিলকে শিক্ষকতার চাকরিটা ছেড়ে দিতে হয়। স্বামীর সঙ্গে এখন নতুন এক সম্পর্ক গড়ে তোলার কথা জানান তিনি। এপ্রিল বলেন, মারকাম নানা ধরনের সমস্যায় ভুগছেন। তিনি এখন স্মৃতিভ্রষ্ট। দুঃখভরা মন নিয়ে এপ্রিল বলেন, ‘আমি যে মানুষটিকে বিয়ে করেছিলাম, তাঁকে হারিয়ে ফেলেছি। এটা আমার জন্য অনেক বড় ক্ষতি।’ এপ্রিল আরও বলেন, ‘মারকামের শরীর এখানে। কিন্তু তাঁর মন আর এখানে নেই। তাঁকে আমি দেখছি। কিন্তু সে আর আগের মতো নেই।’যুদ্ধফেরত মার্কিন সেনাদের অনেকেরই অবস্থা মারকামের মতো। তাঁদের কেউ শারীরিক আঘাতপ্রাপ্ত, কেউ মানসিক সমস্যায় আক্রান্ত। আর এর ফল ভোগ করতে হচ্ছে তাঁদের পরিবার-পরিজনকে । যে সুস্থ মানুষটিকে তাঁরা যুদ্ধে পাঠিয়েছিলেন, শারীরিকভাবে তাঁরা হয়তো ফিরে এসেছেন। কিন্তু প্রিয়জনদের মতে, যুদ্ধফেরত এ মানুষগুলো আর আগের মানুষ নেই। দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে।