যুদ্ধ জয়ের গৌরব নিয়ে পথনাট্যোৎসব
শহীদ মিনারের চূড়ায় বেলা শেষের আলো। পেছনে বিভিন্ন নাট্যদল মহড়ায় ব্যস্ত। বেদিতে বসে আছেন অতিথিবৃন্দ। পরের স্তরে দর্শক-শ্রোতা। আয়োজকদের মধ্যে উৎসব নিয়ে যেমন আছে উচ্ছ্বাস, তেমনি কিছুটা ক্ষোভও। প্রতিবছর মার্চের প্রথম দিন থেকে শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসবের আয়োজন করা হলেও এবার কর্তৃপক্ষ পুরো সপ্তাহ তাদের বরাদ্দ দেয়নি। তাই এবার উৎসবের বাকি দিনগুলোতে নাটক হবে সোহরাওয়ার্দী উদ্যানে।‘যুদ্ধ জয়ের গৌরবে, পথ হাঁটি আমরা’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হলো ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উৎসবের উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন আহমেদ গিয়াস।শুরুতে অতিথি ও আয়োজকেরা বেদিতে ফুল দিয়ে এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা।উদ্বোধনী দিনে পাঁচটি পথনাটক প্রদর্শিত হয়। এদিন বাংলাদেশ থিয়েটার চৈতন্য, মহাকাল নাট্য সম্প্রদায় শেকল ভাঙ্গার গান, পদাতিক নাট্য সংসদ (টিএসসি) ট্রাইব্যুনাল, নাট্যধারা আবারও বাংলাদেশ ও মুক্তমঞ্চ থিয়েটার বৌ প্রদর্শন করে।উৎসবে আরণ্যক নাট্যদল, থিয়েটার, ঢাকা থিয়েটার, পদাতিক নাট্য সংসদ, উদীচী, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট, বাংলাদেশ থিয়েটার, নাট্যদ্বীপসহ ৫০টি নাট্যদল তাদের পথনাটক নিয়ে অংশগ্রহণ করছে।আখতার জাহানের গানের সিডির মোড়ক উন্মোচনষাটের দশকের বেতার, টেলিভিশন ও মঞ্চের সংগীতশিল্পী আখতার জাহানের তিনটি গানের অ্যালবামের মোড়ক উন্মোচিত হলো গতকাল বৃহস্পতিবার। জাতীয় প্রেসক্লাবে সন্ধ্যায় সিডির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্রসংগীতশিল্পী আনিসুর রহমান, সুরকার আজাদ রহমান, সংগীতশিল্পী মালেকা আজিম খান, সারগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন প্রমুখ। সংগীতবিষয়ক পত্রিকা সারগম-এর আয়োজনে প্রকাশিত অ্যালবাম তিনটি হচ্ছে: পল্লীগীতি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, রবীন্দ্রসংগীত মোর বীণা ওঠে কোন সুরে বাজি এবং নজরুলগীতি আকাঙ্ক্ষা।মোড়ক উন্মোচন পর্ব শেষে শিল্পী আখতার জাহান প্রকাশিত গানের অ্যালবামগুলো থেকে পল্লিগীতি ‘প্রাণের বন্ধু রে রসিয়া বন্ধু রে, নজরুলসংগীত ‘আমায় নহে গো’সহ বেশ কিছু গান শোনান।আখতার জাহান অনেক দিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানেও তিনি নিয়মিত বাংলা সংগীতের চর্চা করছেন।আজ থেকে জাতীয় চিত্রশালায় ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে ‘১৮তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। সকালে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে ১৬ মার্চ পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা।একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী জানান, ‘এবারের প্রদর্শনীতে ৪৬৩ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। প্রাথমিকভাবে এসব শিল্পীর প্রায় ১২০০ শিল্পকর্ম জমা পড়ে। এ থেকে নির্বাচকমণ্ডলী ১৮১ জন শিল্পীর ২২৪টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। এর মধ্যে চিত্রকলা ও ছাপচিত্র ১৮১টি, ভাস্কর্য ৩৩টি ও স্থাপত্যশিল্প ১০টি।‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ একাডেমীর নিয়মিত আয়োজন। এবারের প্রদর্শনীতে নবীন শিল্পীরা জলরং, তেলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্র, গ্রাফিকস, বুনন, সিরামিকস, কাঠ, ধাতু, যন্ত্রাংশ, কাচ, কাগজ, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছে।ফরিদপুরে বইপড়া উৎসবফরিদপুর অফিস জানায়, নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে অমর একুশে উপলক্ষে ফরিদপুরে বইপড়া উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে তাদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উৎসবে স্কুল পর্যায়ে নির্ধারিত বই ছিল কথাশিল্পী সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড। ফরিদপুর জিলা স্কুল ও ফরিদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ জন প্রতিযোগী এ পর্বে অংশ নেয়।কলেজ পর্যায়ের নির্ধারিত বই ছিল কথাশিল্পী আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত। এতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ও সরকারি ইয়াছিন কলেজের ১৫ জন প্রতিযোগী অংশ নেন।সিলেটে নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’সিলেট প্রতিনিধি জানান, সিলেট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চায়ন করেছে নৃত্যশৈলী। এর নির্দেশনায় সাজু আহমেদ এবং পরিচালনায় নীলাঞ্জনা দাশ।