যুদ্ধ থেকে অস্ত্র তৈরির শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে টানা আট দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটছে। সামরিক বিশ্লেষকেরা এখন এই যুদ্ধের বিভিন্ন দিক মূল্যায়ন করছেন। এই যুদ্ধের শিক্ষা ভবিষ্যতের অস্ত্র তৈরিতে কাজে লাগানোর কথা ভাবছেন তাঁরা। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়।ইসরায়েল সঙ্গে আরবদের যুদ্ধ নতুন কিছু নয়। এ কারণে মধ্যপ্রাচ্য সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে মানবহীন বিমান ড্রোন, রাডার এড়ানোর কৌশল-সমৃদ্ধ যুদ্ধবিমানসহ বিভিন্ন উন্নত ও নতুন প্রযুক্তির অস্ত্র ব্যবহূত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, আট দিনের যুদ্ধে প্রায় দেড় হাজার রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে ১৪৬টি পুরোপুরি ব্যর্থ হয়েছে। ৮৭৫টি রকেট বিস্ফোরিত হয়েছে অদখলকৃত এলাকায়। ইসরায়েলের আয়রন ড্রোন ৪২১টি রকেট ধ্বংস করেছে। ৫৮টি রকেট ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় পড়েছে। এতে ছয় জন ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় গাজায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।বিশ্লেষকেরা বলছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের এই সাম্প্রতিক যুদ্ধ রকেট প্রতিরক্ষা অস্ত্র তৈরিতে বিভিন্ন দেশকে অনুপ্রেরণা জোগাবে।ইসরায়েলের প্রতিরক্ষা পরামর্শক ও ডিফেন্স আপডেট নামের একটি ওয়েবসাইটের সম্পাদক তামির এসেল বলেছেন, বিশেষ করে হামাসের রকেট ধ্বংস করতে ইসরায়েল ব্যবহূত আয়রন ড্রোনের সাফল্যের পর এ অস্ত্রের ব্যাপারে অনেক দেশ আগ্রহী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ ইসরায়েলের রকেট প্রতিরক্ষা কৌশল অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ধরনের অস্ত্রে লেজার ব্যবহারের কথা বিবেচনা করছে। এমনকি যুক্তরাষ্ট্র এ নিয়ে কাজও করে যাচ্ছে। সব মিলিয়ে গাজায় ইসরায়েলের হামলার ঘটনা অস্ত্র প্রযুক্তিকে আরো এগিয়ে নেবে।অতীতে এমন ঘটনা দেখা গেছে। আরব ও ইসরায়েলের মধ্যে যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধের মূল্যায়ন পরবর্তী সময়ে উন্নত অস্ত্র প্রযুক্তি তৈরিতে উত্সাহ জুগিয়েছে।