একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শুক্রবার মিডিয়া হাউজ ভিশন ২৪ আয়োজিত ‘ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ সরকার ট্রাইব্যুনাল গঠন করে। ওই ট্রাইব্যুনালের জন্য গঠিত সাত সদস্যের তদন্ত সংস্থার প্রধান করা হয় সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনকে।প্রসঙ্গত, সে সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্রসংঘ। মুক্তিযুদ্ধের শেষ দিকে ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ আছে।আলাউদ্দিন আহমেদ সংশয় প্রকাশ করে বলেন, আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের একটি কলেজ শাখার সভাপতি পদে মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর মতো একজন ব্যক্তিকে তদন্ত কমিটির প্রধান করায় বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তিনি বলেন, মতীনের বিরুদ্ধে অনাস্থা এনে তদন্ত সংস্থার একজন সদস্য কাজে যোগ দেননি। তাঁকে বোঝানোর চেষ্টা চলছে।এ বিষয়ে মন্তব্য জানতে আবদুল মতীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।গোলটেবিল আলোচনায় অংশ নেন জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।