যুদ্ধকালীন অপরাধের বিচার জাতির জন্য স্বস্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে যে অপরাধ ও যুদ্ধাপরাধ হয়েছিল, দীর্ঘদিন পর সেই বিচারের উদ্যোগ নেওয়ার ঘটনাটি জাতির জন্য স্বস্তির। এই প্রথম একটি দেশে নিজস্ব উদ্যোগে যুদ্ধকালীন অপরাধের বিচার হবে। কাজেই সারা বিশ্বের দৃষ্টি থাকবে এখানে। এ ছাড়া প্রতিপক্ষও বসে নেই। কাজেই দেশের সব নাগরিককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। অপরাধীরা যেন পার না পেয়ে যায়, তথ্য-প্রমাণের ভিত্তিতে সেটি নিশ্চিত করতে হবে।প্রথম আলো আয়োজিত ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, বিচারপতি গোলাম রাব্বানী, সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গণিত বিভাগের শিক্ষক ও শহীদ গিয়াসউদ্দিনের বোন ফরিদা বানু, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল ও মিজানুর রহমান।বিচারকে স্বাগত: দীর্ঘদিন পর এই বিচারের প্রক্রিয়া শুরু হওয়ায় সরকারকে স্বাগত জানিয়েছেন বক্তারা। স্বাগত বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিচারের এই উদ্যোগ সবাইকে স্বস্তি দিয়েছে। তরুণ প্রজন্ম এই বিচারের আশায় গত নির্বাচনে ভোট দিয়েছে। মওদুদ আহমদ বলেন, দেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যাঁরা এই বিচার চান না।সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধের বিচার মানুষের দীর্ঘদিনের দাবি। অনেকেই বলেন, ৩৯ বছর পর এই প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু স্বাধীনতার পরপরই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে সব বন্দীকে মুক্ত করে দেন। বিচার-প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ নিয়ে বিতর্ক: মওদুদ আহমদ বলেন, ১৯৭৩ সালের আইনে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। কিন্তু আইনটি আন্তর্জাতিক মানের নয়। এ আইনে দেশি অপরাধীদের বিচারের সুযোগ নেই। সেটি করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে। এ ছাড়া ১৯৭৩-এর আইন সংশোধনের কারণে এর সঙ্গে সংগতি রেখে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদটিও সংশোধন করতে হবে। মওদুদ আহমদ বলেন, প্রচলিত আইনেই যুদ্ধাপরাধের বিচার হতে পারে।সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা গোলাম রাব্বানীও বলেন। ১৯৭৩ সালের আইনেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব বলে মন্তব্য করে তিনি বলেন, আইনে পরিষ্কার বলা আছে, যারা এ দেশে গণহত্যা চালাতে সহায়তা করেছিল, তাদেরও বিচার করা যাবে। যারা আজ এই আইন নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা একটি পক্ষের হয়ে কাজ করছেন।মিজানুর রহমান বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইনের মতো একটি যুগোপযোগী আইন করা বিশাল সফলতা। আসিফ নজরুল বলেন, ১৯৭৩ সালে এই আইন সেরা ছিল। কিন্তু অনেক সময় গেছে। এখন আইনে কিছু বিষয় যোগ করতে হবে। ব্যাপক গণহত্যার বিষয়টি আইনে যুক্ত করা উচিত। বয়সের বিষয়টিও নির্ধারণ করে দেওয়া উচিত। তাঁর মতে, কিছু বিষয় আছে, যেগুলো যোগ করলে আইনটি আরও সময়োপযোগী হবে।শাহরিয়ার কবির বলেন, প্রচলিত আইনে বিচার করা যায় না বলেই তাঁরা এই আইনে বিচার চাইছেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি দেশ তার নিজস্ব আইনে আন্তর্জাতিক অপরাধের বিচার করছে। কাজেই সারা বিশ্বের নজর থাকবে এদিকে। এই বিচার পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কাজেই যেসব প্রশ্ন ওঠে, যথাযথভাবে সেগুলোর জবাব দিতে হবে।আন্তর্জাতিক মান নিয়ে বিতর্ক: মওদুদ আহমদ বলেন, বিচার হতে হবে আন্তর্জাতিক মানের। শাহদিন মালিক বলেন, অনেকেই বিচারের আন্তর্জাতিক মান নিয়ে কথা বলছেন। কিন্তু আন্তর্জাতিক মান কী? বিচার নিরপেক্ষ হতে হবে। অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এগুলো করা মানেই আন্তর্জাতিক মান নিশ্চিত করা।গোলাম রাব্বানী বলেন, কীভাবে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে, কীভাবে তদন্ত করা হবে—সবই বিদ্যমান আইনে বলা আছে। কাজেই বলা যায়, বিচার আন্তর্জাতিক মানের। মিজানুর রহমান বলেন, বারবার আন্তর্জাতিক মানের কথা বলা মানে বাংলাদেশের বিচারব্যবস্থাকে অবমাননা করা। তাঁর মতে, বিশ্বের সব দেশের বিচারব্যবস্থায় ছোটখাটো দুর্বলতা আছে। কাজেই আন্তর্জাতিক মানের কথা বলে যেন মানুষকে বিভ্রান্ত না করা হয়।মফিদুল হক বলেন, আজকে যাঁরা আন্তর্জাতিক মান বা অপরাধীদের মানবাধিকারের পক্ষে বলছেন, একাত্তরে যখন এ দেশে নির্মমতা চলে, তখন তাঁরা কোথায় ছিলেন? সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিকভাবে স্বচ্ছতা থাকবে।প্রতীকী না, সবার বিচার: গোলটেবিল বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এটি এক অর্থে প্রতীকী বিচার। তবে তাঁর এই মতের সঙ্গে বিরোধিতা করে শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশের প্রত্যেক নির্যাতিত মানুষের এই আদালতে বিচার চাওয়ার অধিকার আছে। কাজেই এটাকে প্রতীকী বিচার বলার কোনো সুযোগ নেই। তবে প্রথমে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে। এরপর বাকিদের।মিজানুর রহমান বলেন, বিচার গুটিকয়েক মানুষের সন্তুষ্টির জন্য নয়। পুরো জাতির সন্তুষ্টির জন্য করতে হবে। কেউ যেন ছাড় না পায়। ফরিদা বানু বলেন, সরকারকে বিচার-প্রক্রিয়া শুরুর জন্য ধন্যবাদ। সৈয়দ আশরাফ বলেন, ‘এই বিচারের ক্ষেত্রে প্রতীকী শব্দটি আক্ষরিক অর্থে প্রযোজ্য নয়।’অপরাধীরা যেন পার না পায়: আসিফ নজরুল বলেন, এমনভাবে বিচার করতে হবে, যেন কোনো খুনি বের হয়ে আসতে না পারে। গোলাম আযম মামলা করে যখন নাগরিকত্ব পান, তখনই বোঝা গিয়েছিল, আইনে দুর্বলতা থাকলে অনেক সমস্যা। কাজেই কোনোভাবেই যেন যুদ্ধাপরাধীরা পার না পেয়ে যায়। দোষী হওয়ার পরও কেউ যেন বিচারে নির্দোষ প্রমাণিত না হয়। জামায়াত অনেক শক্তিশালী। তারা বসে নেই। ঝানু ঝানু সব আইনবিদ নিয়ে তারা আসবে। মনে রাখতে হবে, এটি তাদের বাঁচা-মরার লড়াই। কাজেই সরকারের প্রস্তুতি থাকতে হবে। সফিউল্লাহ বলেন, অপরাধীরা যেন পার না পেয়ে যায়, সেটি নিশ্চিত করতে হবে। শাহরিয়ার কবির বলেন, দুজন যুদ্ধাপরাধী লন্ডনে আছে। তারা অনেক প্রভাবশালী।সৈয়দ আশরাফ বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা আজ শক্তিশালী। বিচার বানচালের জন্য তারা অনেক চেষ্টা করবে। সবাইকে সচেতন থাকতে হবে।সমস্যাগুলো দূর করার পরামর্শ: বক্তারা বলেন, সন্দেহ নেই যে সরকারের আন্তরিকতা আছে, কিন্তু কর্মকৌশল নেই। আর প্রতিপক্ষ অনেক শক্তিশালী। সরকার এত কমসংখ্যক আইনজীবী দিয়ে বিচারকাজ চালাতে পারবে না। শাহরিয়ার কবির বলেন, বিচারকাজ চালাতে কমপক্ষে ২৫ জন আইনজীবী ও সমানসংখ্যক তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এখনো আদালত ভবনে কোনো রেকর্ডরুম নেই। এসব সমস্যার সমাধান করতে হবে।ফরিদা বানু বলেন, বিচার-প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এই সরকারের সময়ে বিচার না হলে সরকার বদলে গেলে বিচারের কাজও থেমে যেতে পারে। মফিদুল হক বলেন, একাত্তরে মানবতার বিরুদ্ধে অনেক তথ্য-প্রমাণ আছে। এগুলোকে এখন আইনি কাঠামোয় আনতে হবে।অন্য সমস্যার সঙ্গে মেলানোর অবকাশ নেই: মওদুদ আহমদ বলেন, বিদ্যুৎ-গ্যাস-পানিসহ নানা সংকটে আছে জনগণ। এই মুহূর্তে এই বিচার হলে মানুষের জীবনে কিছু আসে-যায় না। তবে শাহদিন মালিক বলেন, যুদ্ধাপরাধের বিচার জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে বিদ্যুৎ-পানির সমস্যা গুলিয়ে ফেলার অবকাশ নেই। প্রতিপক্ষ এই দিকটা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।গোলাম রাব্বানী বলেন, যাঁরা বিচার নিয়ে ভয় পাচ্ছেন, তাঁরাই এসব কথা বলছেন। একই কথা বলেন অধ্যাপক মিজানুর রহমান। আসিফ নজরুল বলেন, সরকার আদালত গঠন করেছে, বিচারক নিয়োগ দিয়েছে। কাজেই সরকার এখন অন্য কাজে মনোযোগ দিতে পারে।সৈয়দ আশরাফ বলেন, বিদ্যুৎ-পানি-গ্যসের সংকটের সঙ্গে এই বিচারের কোনো সম্পর্ক নেই। বিচারের কাজ করবেন আদালত। সরকার নাগরিক সমস্যাগুলো সমাধান করবে। যারা বিচার চান না, তাঁরাই এসব বলছেন।মন্ত্রীদের কথা কম বলার পরামর্শ: গোলটেবিল বৈঠকের সব বক্তাই একমত পোষণ করে বলেন, এই বিচার নিয়ে মন্ত্রীদের এত কথা বলার দরকার নেই। এতে বিতর্ক সৃষ্টি হবে। শাহরিয়ার কবির বলেন, মন্ত্রীদের কথার কারণে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। একই রকম মন্তব্য করেন মফিদুল হক ও আসিফ নজরুল।গণজাগরণ সৃষ্টি করতে হবে: সৈয়দ আশরাফ বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা আজ অনেক শক্তিশালী। তারা বসে না থেকে বিচার বানচালের চেষ্টাও করে চলেছে। সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিচার-প্রক্রিয়া শেষ করতে গণজাগরণ সৃষ্টি করতে হবে।শাহরিয়ার কবির বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সফিউল্লাহ বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় অপরাধ করেছিল, তাদের বিচার হতেই হবে। সেক্টর কমান্ডারস ফোরাম সবাইকে সচেতন করার চেষ্টা করছে। তবে সব মানুষকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।