যুদ্ধকালীন সময়ের অপরাধের বিচার বলা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এ আইনটি অনেক স্বচ্ছ। ২০০৯ সালের সংশোধনীতে এ আইনটি আরও বেশি সময়োপযোগী করা হয়েছে। এ আইনের আওতায় বিচারের ক্ষেত্রে খুব বড় ধরনের ত্রুটি নেই। অনেকে এ আইনের নানা সীমাবদ্ধতার কথা তুলছেন। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এ আইনের সংশোধনীর কথা বলা হয়েছে। কিন্তু আইনটি সংশোধনের কোনো প্রয়োজনীয়তা নেই। নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনাল কিংবা অন্যান্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিচারের আইনের চেয়েও আমাদের আইনটি স্বচ্ছ। আসলে কিছু বিষয় তো পশ্চিমা বিশ্বের ধারণা চাপানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আইনের একটি সীমাবদ্ধতা হয়তো অনেকের মতে ছিল যে অভিযুক্তকে আপিলের সুযোগ দেওয়া নিয়ে। কিন্তু ২০০৯-এর সংশোধনীতে এ বাধা দূর হয়েছে। আপিল বিভাগে আপিলের সুযোগ থাকছেই। খুব সূক্ষ্ম কিছু দুর্বলতার কথা বলা হলেও এগুলো বিচারের জন্য বড় বাধা নয়। আমাদের এখানে স্বাধীনতা বিপক্ষের মিত্ররা সজাগ আছে। তাদেরও এ বিচার-প্রক্রিয়ার এখতিয়ার নিয়ে নানা কথা উঠেছে। স্বাধীনতার ৪০ বছর পর এ বিচার হতে যাচ্ছে। যদি ১৯৭৪ সালেই এ বিচার করা হতো, তাহলে এ সীমাবদ্ধতার কথা উঠানোর সুযোগই থাকত না। অভিযুক্তদের স্বাভাবিক ন্যায়বিচারের পথ এখন এ আইনে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান কাজ এখন উপযুক্ত ও কার্যকর বিধি প্রণয়ন করা। এ জন্য আইন কমিশনে একটি উপযুক্ত ফোরাম হতে পারে। বিশেষজ্ঞের মতামত নিয়ে বিধি প্রণয়নে হাত দেওয়া উচিত।এ ট্রাইব্যুনালের বিচারকদের অপসারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ ট্রাইব্যুনাল অন্যান্য প্রক্রিয়ার মতোই। এ ট্রাইব্যুনালের মর্যাদা হাইকোর্ট বিভাগের মতো। ট্রাইব্যুনালের বিচারকদের মর্যাদা হাইকোর্ট বিভাগের মর্যাদায় সমতুল্য। ট্রাইব্যুনালের প্রধান বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো কারণে যদি অপসারণের প্রয়োজন হয়, তাহলে সংবিধান ও অন্যান্য আইনানুযায়ী তাঁদের অপসারণ করতে কোনো বাধা নেই। এ জন্য আইনে নির্দিষ্ট করে বলে দিতে হবে, এমনটা নয়। তদন্ত সংস্থার তদন্তের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত হবে না। কারণ, এ তদন্তের ওপরই মূল বিচার নির্ভর করবে। এ ধরনের অপরাধের বিচার আমাদের দেশে প্রথম হচ্ছে। তাই তদন্তের ক্ষেত্রে সময় বেঁধে দিলে কিছুটা অসংগতি দেখা দিতে পারে। বেসরকারি পর্যায়ে অনেক কাজ হয়েছে, তদন্ত হয়েছে। এগুলো আমলে নিলে তদন্ত-প্রক্রিয়া অনেক দ্রুত হবে এবং ভিত্তি থাকবে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো কাজে লাগাতে পারে এ ক্ষেত্রে। এ বিচারের নাম বলা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। এ ক্ষেত্রে আমার একটু ভিন্নমত রয়েছে। ১৯৭৩-এর আইনে অপরাধের ক্ষেত্রে মূলত তিন ধরনের অপরাধ অন্তর্ভুক্ত হয়েছে। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও শান্তির বিরুদ্ধে অপরাধ। তাই যদি শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ বলি, তাহলে আংশিক বলা হয়। কারণ, এ ট্রাইব্যুনালও তিন ধরনের অপরাধের বিচার করবে। আইনানুযায়ী, এ ধরনের অপরাধকে বলতে হয় আন্তর্জাতিক অপরাধ আইন। কিন্তু এটি বলা হলে সাধারণ জনগণের মধ্যে একটু প্রতিক্রিয়া দেখা দেবে। তাহলে আমরা কি আন্তর্জাতিক ক্ষেত্রের কোনো বিচার করছি কি না। আমার মতে, এ বিচারটি যুদ্ধকালীন সময়ের অপরাধের বিচার বলাই উচিত এবং যুক্তিযুক্ত বলে মনে হয়।