যুদ্ধকালে ব্যবহার্য গুপ্ত সংকেতসংবলিত সমরপুস্তক চূড়ান্ত করতে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত সোমবার সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়। যুদ্ধকালে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ কী দায়িত্ব ও কর্তব্য পালন করবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করবে এই কমিটি।সূত্র জানায়, কমিটিকে বিশেষ দায়িত্ব হিসেবে পরমাণু শক্তি কমিশনের গবেষণা কেন্দ্র, তথ্যপ্রযুক্তি (আইটি) খাত এবং সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশন, কেন্দ্রীয় উপাত্ত সংরক্ষণ ও সার্ভারের ওপর সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তা কীভাবে মোকাবিলা করা সম্ভব, তা সমরপুস্তকে লিপিবদ্ধ করতে বলা হয়েছে।জানা যায়, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে প্রথম সমরপুস্তক রচনা করা হয় ১৯৭৭ সালে। এই পুস্তক সব সচিব এবং গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানের কাছে সংরক্ষিত রাখা হয়। সর্বশেষ ২০০৪ সালে এটি পর্যালোচনা করা হলেও নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বছরে দুবার মন্ত্রিসভাকে সমরপুস্তক সম্পর্কে অবহিত করার বিধান রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার প্রথম আলোকে বলেন, সমরপুস্তক রাষ্ট্রের গোপনীয় দলিল। যুদ্ধকালে কোন সংস্থা বা ব্যক্তি (যুদ্ধে নিয়োজিত) কী ধরনের পদক্ষেপ, কী সংকেতের সাহায্য নেবে, তা এই পুস্তকে লিপিবদ্ধ রাখা হয়। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। তিনি জানান, স্বাধীনতার পর রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। বাইরের সহযোগিতায় দেশের অভ্যন্তরে জঙ্গিবাদের নামে যুদ্ধ-পরিস্থিতি তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে সরকার বদল হওয়ার প্রেক্ষাপটে গুপ্ত সংকেতও জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।ওই কর্মকর্তা আরও বলেন, এ বাস্তবতায় সমরপুস্তকটি নতুনভাবে চূড়ান্ত করা প্রয়োজন হয়ে পড়েছে। তাই ১১ জুলাই আন্তমন্ত্রণালয় সভায় ১৯৭৭ সালে প্রণীত সমরপুস্তক চূড়ান্ত করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সভাপতিত্ব করেন।সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে সভাপতি করে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র, সংস্থাপন, পররাষ্ট্র, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন করে যুগ্ম সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন) একজন প্রতিনিধি।সূত্র জানায়, কমিটির কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, সব মন্ত্রণালয়-বিভাগের করণীয় বিষয়াদি সমরপুস্তকে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা কর্তৃক যুদ্ধকালে নিজস্ব দায়িত্ব ও কর্তব্যের ওপর স্থায়ী নির্দেশিকা প্রণয়ন এবং প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ করে সমরপুস্তকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করতে হবে। সমরপুস্তক চূড়ান্ত করার আগে সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় মুদ্রণজনিত ভুল সংশোধন করে নেওয়ার কথাও বলা হয়েছে কমিটির কর্মপরিধিতে।