যুদ্ধটা জয় করেছি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর দ্বিতীয় বিয়ে কোনো নারীই মেনে নিতে পারেন না, কেউ আত্মহত্যা করেন, কেউ মুখ বুজে সহ্য করেন। তাঁদের বাইরেও অনেকে আছেন, যাঁরা নিজেদের মতো করে জীবনযুদ্ধে অবতীর্ণ হন। শেষ পর্যন্ত সে যুদ্ধে জয়ীও হন। তেমনি একজন নারীর গল্প, একজন মায়ের গল্প নিয়ে এ প্রতিবেদন। শোনা যাক তাঁর বয়ানেই। ‘১০ বছর আগের কথা। তখন বড় মেয়েটা ও লেভেলে পড়ে। ছেলেটা পঞ্চম শ্রেণীতে। আমি তখন একটি বেসরকারি সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের ছিমছাম পরিবার। হঠাৎ জানতে পারলাম, অন্য একজনের সঙ্গে আমার স্বামীর একটি সম্পর্ক তৈরি হয়েছে। ওকে জিজ্ঞেস করলাম, স্বীকারও করল। তখন বললাম, তুমি যা-ই করো না কেন, এর প্রভাব যেন সন্তানদের ওপর না পড়ে। ধীরে ধীরে ওর আচরণ বদলে যেতে শুরু করে। একদিন কাউকে কিছু না বলে সে তার বাবার বাড়ি চলে যায়। তখন আমার শ্বশুরবাড়ির লোকজন কোনো কথা বলেননি। তাঁদের ছেলেকে শাসনও করেননি। আমার মেয়েটা খুব বাবার ভক্ত ছিল। পুরো বিষয়টি ওকে বিপর্যস্ত করে তোলে। ওর বাবা আমাদের কাছে আসা বন্ধ করে দিয়েছিল। সেজন্য মেয়েকে আমার শ্বশুরবাড়িতে মাঝেমধ্যে রেখে আসতাম। সেদিনও মেয়ে স্কুল থেকে ওর দাদার বাড়ি গিয়েছিল। সেখান থেকে জানাল, ওর বাবা নতুন বউ নিয়ে এসেছে। সেই যে মেয়েটা চলে এল, এরপর আর ওর বাবার সঙ্গে দেখা করতে চাইত না। এদিকে ধানমন্ডি এলাকায় আমাদের পক্ষে থাকা সম্ভব হলো না। ইংরেজি মাধ্যমের স্কুলে পড়া দুটো ছেলেমেয়ের লেখাপড়ার খরচ অনেক। সঙ্গে বাড়িভাড়া। চাকরির টাকা দিয়ে একা সামলাতে পারছিলাম না। ওর বাবা এর মধ্যে আর্থিকভাবে কোনো সাহায্য করেননি। বরং সন্তানদের তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। উপায় না দেখে আইনের আশ্রয় নিতে হয়। কী যে দুঃসহ সময় কেটেছে! ভাবলে এখনো শিউরে উঠি। সন্তানদের আমার কাছে রাখার অনুমতি পাই। ধানমন্ডির বাসা ছেড়ে আগারগাঁওয়ে টিনশেডের বাসায় উঠি। তবুও দুজনের স্কুলের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলাম। ছোট ছেলেটা একদিন বলেই ফেলল, ‘মা, আমি আর স্কুলে যাব না। তুমি আপুকে পড়াও।’ এক বছর স্কুলে পাঠাতে পারিনি। এ লেভেলের খরচ মেয়েটা টিউশনি করে জোগাড় করেছিল। অনেক সমস্যা গেছে। কিন্তু কারও কাছে টাকার জন্য সাহায্য চাইনি। তবে আমার ভাইবোনেরা মানসিকভাবে সহযোগিতা করেছে। মাঝেমধ্যে আর্থিকভাবেও ওরা সাহায্য করেছে। চাকরির বাইরেও বিভিন্ন গবেষণার কাজ করতাম। কনসালটেন্সি করেছি। নিজেকে একটুও ভাঙতে দিইনি। ছেলেমেয়েরাও কোনো আবদার করত না। এ সময় অনেকেই নানা কথা বলেছেন। শ্বশুরবাড়ির লোকেরা আমার সন্তানদের তাঁদের কাছে যাওয়ার জন্য নানা প্রলোভন দেখাতেন। কিন্তু আমাকে ছেড়ে ওরা যায়নি। এমন দিন গেছে, ঘরে বাজার ছিল না। এর পরও সন্তানদের সামনে হাসিমুখে সব কষ্ট মেনে নিয়েছি। আমার দুঃখের দিন শেষ হয়ে এসেছে। মেয়েটা চিকিৎসক হয়েছে। শিক্ষানবিশ হিসেবে কাজ করছে। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে পড়ছে। মা হিসেবে আমি সফল। যুদ্ধটা জয় করেছি। শেষ পর্যন্ত আমি পেরেছি মাথা উঁচু করে বাঁচতে।’