যুদ্ধবিমান কেনায় মধ্যস্থতাকারী ছিলেন রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সত্তরের দশকে যুদ্ধবিমান কেনার একটি বড় ধরনের চুক্তিতে সুইডেনের একটি কোম্পানির হয়ে মধ্যস্থতা করেছিলেন দেশটির তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী।সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন গোপন তারবার্তার তথ্য থেকে এ কথা জানা গেছে। আজ সোমবার ওই তারবার্তার বরাত দিয়ে ‘দ্য হিন্দু’ পত্রিকায় এ তথ্য জানানো হয়।১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ৪১টি মার্কিন গোপন তারবার্তা প্রকাশ করতে যাচ্ছে উইকিলিকস।প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীব গান্ধী ভারতীয় বিমানের পাইলট ছিলেন। নয়াদিল্লির মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে পাঠানো গোপন তারবার্তায় বলা হয়, সত্তরের দশকে সুইডেনের সাব-স্ক্যানিয়া কোম্পানি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান বিক্রির চেষ্টা করেছিল। ওই সময় কোম্পানিটিকে যুদ্ধবিমান বিক্রির চুক্তি পাইয়ে দিতে রাজীব গান্ধী প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। এ ক্ষেত্রে ওই কোম্পানি রাজীবের পারিবারিক প্রভাবের দিকটি বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত একটি ব্রিটিশ কোম্পানি ওই চুক্তিটি পেয়েছিল।১৯৮৪ সালে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থাকাকালে সুইডেনের বেফোর্স নামের একটি কোম্পানির সঙ্গে সামরিক ক্রয়চুক্তি-সংক্রান্ত কেলেঙ্কারির জেরে ব্যাপকভাবে সমালোচিত হন রাজীব। ১৯৮৯ সালের সাধারণ নির্বাচনে রাজীব গান্ধী পরাজিত হন। ১৯৯১ সালে আততায়ীর হাতে নিহত হন তিনি।