যুদ্ধবিরতি উপেক্ষা করে কম্বোডিয়া ও থাই সেনাদের মধ্যে সংঘর্ষ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সংঘর্ষে একজন থাই সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দুই পক্ষ গতকাল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এ সংঘর্ষের ঘটনা ঘটল। থাই সেনাবাহিনীর মুখপাত্র থাওয়াতচাত সামুতসাকর্ন বার্তা সংস্থাটিকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলা ও গ্রেনেড বিনিময়ে আমাদের একজন সেনা নিহত ও চারজন সেনা আহত হয়েছেন। কম্বোডিয়ার সেনারা প্রথম হামলা শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।’তবে সংঘর্ষের ব্যাপারে কম্বোডিয়ার কর্তৃপক্ষের তাত্ক্ষণিক মন্তব্য জানা যায়নি।সীমান্তের বিতর্কিত স্থানে প্রাচীন মন্দিরের দখল নিয়ে উভয় পক্ষ মধ্যে গত এক সপ্তাহব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের ৬০ হাজার মানুষ। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে।