যুদ্ধবিরতি চুক্তি সই করল উলফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তিতে সই করল উলফা। গতকাল শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রবিরতির জন্য ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। উলফা ছাড়াও আসাম সরকার ও কেন্দ্রীয় সরকার এ চুক্তিতে সই করেছে।উল্লেখ্য, গত ১২ জুলাই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল উলফা।আসাম ট্রিবিউন পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উলফা আগেই সহিংসতার পথ ত্যাগ করতে রাজি হয়েছে। তারা ভারত ও আসাম সরকারের সঙ্গে শান্তিপূর্ণ উপায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালাবে। গতকালের চুক্তিতে ভারত সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং, আসাম সরকারের পক্ষে জিষ্ণু বড়ুয়া এবং উলফার পক্ষে শশধর চৌধুরী, চিত্রবন হাজারিকা ও রাজু বড়ুয়া।উলফার (ইউনাইটেড লিবারেশন ফোর্স অব আসাম) পক্ষ থেকে অবশ্য এ চুক্তি সই নিয়ে কিছুই বলা হচ্ছে না। গতকালের চুক্তি সইয়ের পর উলফা সদস্যদের অস্ত্র সমর্পণ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শম্ভু সিং বলেন, সব কিছুই চুক্তিতে বলা আছে। তবে একই প্রশ্নের জবাবে উলফা নেতা শশধর চৌধুরী চিত্কার করে বলেন, ‘আমরা কেন করব? এ ব্যাপারে কিছুই আলোচনা হয়নি।’