যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ফলে বিতর্কিত সীমান্তে তাদের সাত দিনের রক্তক্ষয়ী সংঘর্ষেরও আপাতত অবসান হয়েছে। আজ বৃহস্পতিবার কম্বোডিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের সেনাবাহিনীর ফিল্ড কমান্ডারদের এক বৈঠকে যুদ্ধবিরতির এ সিদ্ধান্ত হয়। কম্বোডিয়া সরকারের মুখপাত্র ফেই সিফান (Phay Siphan) বলেন, বৈঠকে উভয় পক্ষ নিজ নিজ দেশের বাস্তুচ্যুত লোকজনকে ফিরিয়ে আনতে সীমান্তের একটি পয়েন্ট খুলে দিতে রাজি হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন থেকে যুদ্ধবিরতি মেনে চলব এবং ভুল বোঝাবুঝি এড়াতে স্থানীয় কমান্ডররা নিয়মিত বৈঠকে করবেন। পরিস্থিতি এখন শান্ত।’ থাইল্যান্ডের কর্মকর্তারাও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।সীমান্তে বিতর্কিত একটি স্থানের দখল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন নিহত হয়। বাস্তুচ্যুত হয়েছে উভয় দেশের ৬০ হাজার মানুষ। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে। রয়টার্স।