যুদ্ধাপরাধ আইনের প্রয়োগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ আজ রোববার সচিবালয়ে এবং রাতে নিজের বাসায় অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী প্রথম আলোকে জানান, নতুন সাক্ষ্য আইন তৈরি, ফৌজদারি কার্যবিধি পর্যালোচনা, বিভিন্ন সংস্থা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ, কোন তথ্য কী প্রক্রিয়ায় গ্রহণ করা হবে—এসব আইনগত খুঁটিনাটি দিক বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, কাল থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।এদিকে আজ কার্যালয়ে বসেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এবং দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও সাবেক জেলা জজ এ কে এম জহির আহমেদ। কার্যালয়ে ছিলেন তদন্তকারী সংস্থার প্রধান আবদুল মতিন ও মো. আবদুর রহিম। এ সময় প্রসিকিউটর মোশাররফ হোসেন ও সানজিদা খাতুনও উপস্থিত ছিলেন।বিচারপতি নিজামুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা বিচারপতি, আমাদের অনুভূতি নেই। বিচারকাজ পরিচালনা করে আসছি, করছি, ভবিষ্যতেও করব।’৩৯ বছর দেরিতে বিচার শুরুর প্রশ্নে তিনি বলেন, ‘বিচার বিলম্বের বিষয় নয়। বিচার সবার জন্যই সমান। আমাদের দায়িত্ব বিচারকাজ পরিচালনা করা।’ তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান।আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সদস্যকক্ষ, এজলাস, তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর ও মিডিয়া কক্ষ পরিদর্শন করেন।প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল মতিন সাংবাদিকদের বলেন, যে কেউ অভিযোগ করতে পারবে। তবে এর সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সংস্থা নিজস্ব গতিতে দেশি-বিদেশি পত্র-পত্রিকা, আর্কাইভ, ভিডিও চিত্র, ছবি ও দালিলিক প্রমাণ সংগ্রহ করবে। প্রয়োজন হলে মাঠপর্যায়েও যাওয়া হবে। এসব বিশ্লেষণের পর অভিযোগের ভিত্তিতে দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। গ্রেপ্তার করার প্রশ্নে তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা যাবে।গ্রেপ্তারের বিষয়ে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইনের বিধান ট্রাইব্যুনাল আইনে অনুপস্থিত। তাই আইন অনুযায়ী বিধিপ্রণয়নের কথাও জানান তিনি।