যুদ্ধাপরাধ ও ১০ ট্রাক অস্ত্রসহ সব মামলার বিচার হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আইনজীবীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকবে। কেউ অন্যায়ের শিকার হবে না।’ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধ ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ সব মামলার বিচার হবে।গতকাল বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ অঙ্গনে ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমিতির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দরিদ্র, মেহনতি মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার জন্য বিচারব্যবস্থাকে আধুনিকায়ন করার ঘোষণা দেন। ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের জন্য ২০ কোটি টাকা অনুদান দেওয়ারও ঘোষণা দেন তিনি।প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে যখন গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয়, তখন এই ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজেও তাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। যে কারণে ৩৪ বছর পর হলেও হত্যা মামলার রায় কার্যকর হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। আইনজীবীরা দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।প্রধানমন্ত্রী বলেন, মামলার জট কমানোর জন্য ও আদালতের বাইরে ছোট ছোট বিরোধ নিরসনের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সে বিষয়ে আইন কমিশনের মতামত চাওয়া হয়েছে। তাদের মতামত পাওয়ার পর এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পান, সে জন্য বিচারকদের ডিজিটাল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা সরকারের উন্নয়নের ধারা এবং যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বন্ধ করতে চায় তারা সন্ত্রাস, জঙ্গি তত্পরতা শুরু করেছে। কিন্তু যুদ্ধাপরাধ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলাসহ সব মামলার বিচার হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক গাজী শাহ আলম। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোখলেসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম মহানগর দায়রা জজ নুরুল ইসলাম।এ ছাড়া সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ মোস্তফা জামাল মহিউদ্দিন, শেখ ফজলে নূর তাপস, সানজিদা খানম, মিজানুর রহমান, ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ, মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকেরা, জেলা প্রশাসক জিল্লার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মেজবাহ্ উদ্দিন, সম্পাদক শ ম রেজাউল করিম, ঢাকার আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা ও বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, তাই দিনের প্রথম ভাগ আদালতের কাজ বন্ধ রাখা হয়। বেলা দুইটা থেকে বিচারকাজ শুরু হয়।