যুদ্ধাপরাধ তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) উত্থাপিত প্রস্তাব গতকাল বুধবার প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আনা এ প্রস্তাব ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট’। আজ ২১ মার্চ বৃহস্পতিবার সু্ইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভায় এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে। এর পক্ষে-বিপক্ষে ভোট দেবে সদস্য রাষ্ট্রগুলো।শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস এক বিবৃতির মাধ্যমে মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তাঁর দেশের অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিদ্যমান পরিস্থিতির বিষয়ে মনোযোগী না হয়ে অপমানজনক এ প্রস্তাবকে সমর্থন দেওয়া হলে তা আমাদের চলমান ঐক্য প্রক্রিয়াকে ব্যাহত করবে।’পেইরিস বলেন, ‘আমরা আশা করব, মানবাধিকার পরিষদের উত্থাপিত প্রস্তাবের ওপর ভোট দেওয়ার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলো আমাদের পরিস্থিতি অনুধাবন করবে এবং সহযোগিতামূলক আচরণ করবে।’ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্রস্তাব পাস হলে তা সেই বিভেদ সৃষ্টিকারী দলগুলোকে সহায়তা করবে, যারা শ্রীলঙ্কার অতি কষ্টে অর্জিত শান্তি বিনষ্ট করতে চায়।’এদিকে, মানবাধিকার পরিষদে নিযুক্ত শ্রীলঙ্কার দূত মাহিন্দা সামারাসিংগে প্রস্তাবে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন।শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দশকব্যাপী গৃহযুদ্ধের শেষ পর্যায়ে ২০০৯ সালে সেনাবাহিনীর অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ কলম্বো বরাবরই অস্বীকার করে আসছে। অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ঘোষণা দেন। ওই লড়াইয়ের শেষ পর্যায়ে ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে।