যুদ্ধাপরাধ বিচারে যুক্তরাজ্যের নৈতিক সমর্থন আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে একাত্তর সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারে যুক্তরাজ্যের নৈতিক সমর্থন আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। যুক্তরাজ্য সফরকালে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগসহ অন্যদের সঙ্গে বৈঠকের সময় তাঁরা দীপু মনিকে এ ব্যাপারে আশ্বস্ত করেন। গতকাল মঙ্গলবার বিকেলে লন্ডনে ফরেন অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধাপরাধ বিচার ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আসন্ন কানকুন সম্মেলনে বাংলাদেশের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে ব্রিটিশ সরকার সহযোগিতা করবে বলে জানান উইলিয়াম হেইগ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্রিটিশ সরকারের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদুর রহমান খান ও সহকারী হাই কমিশনার আল্লামা সিদ্দিকী।