যুদ্ধাপরাধ বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীর ধৈর্য ধরার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বুধবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেকেই অধৈর্য হয়ে গেছেন। এখনই কেন তাদের বিচার হচ্ছে না! তিনি বলেন, ‘৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বড় ধরনের ভুল হয়ে যেতে পারে।’প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। তিনি বলেন, বর্তমান সরকার তো বিচার করবেই। পরেও যেন এ বিচারের ধারা অব্যাহত থাকে সে ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধে তাদের অগ্রজদের ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে ধারণা না পেলে দেশের জন্য কীভাবে কাজ করবে? দেশের জন্য ভালোবাসা কীভাবে তৈরি হবে? বিকৃত ইতিহাসের বদলে সত্য ইতিহাস জানতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।