যুদ্ধাপরাধ বিষয়ে বিব্রত পাকিস্তান
মানবতার বিরুদ্ধে অপরাধ যখনই সংঘটিত হোক, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এমন দাবি উঠলেও পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি। বরং কবর খুঁড়ে অতীতকে জাগিয়ে না তুলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কোন্নয়নের চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছে তারা। গতকাল সোমবার পকিস্তানের রাজধানীতে বিভিন্ন পর্যায়ে কথা বলে এসব বক্তব্য পাওয়া গেছে।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্প্রতি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে যে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, সে সম্পর্কে পাকিস্তানের অবস্থান কী? এমন প্রশ্ন এড়িয়ে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যুদ্ধাপরাধের বিচারে পাকিস্তান কোনো তথ্য দিয়ে সহায়তা করবে কি না—এমন প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ডেস্কের মহাপরিচালক আফরাসিয়াব বলেন, পাকিস্তান বাংলাদেশের মঙ্গলপ্রত্যাশী। চার দশক আগে কী ঘটে গেছে, তা নিয়ে বসে না থেকে ৫০ বছর পর দেশ দুটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোথায় পৌঁছাবে, তা নিয়ে আলোচনা করা উচিত।এদিকে পাকিস্তানের অতিরিক্ত সচিব সৈয়দ জাবেদ হাসান বলেন, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতিসহ বিভিন্ন পর্যায়ে দুই দেশের মধ্যে উন্নয়নের সুযোগ রয়ে গেছে। এখন সামনে এগিয়ে যেতে হবে। দিল্লি ও সিমলায় সম্পাদিত চুক্তিতে একাত্তরের বিষয়টি অনেকটাই মীমাংসা হয়েছে।সার্ক, ওআইসি, ডি-৮সহ অনেক ফোরাম রয়েছে, যেখানে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। সন্ত্রাসবাদ দমন তথা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় হতে পারে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করা সম্ভব, যা বর্তমানে এর অর্ধেকেরও কম। দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির মাধ্যমেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা যেতে পারে।পাকিস্তান সরকারের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন একাত্তরে বাংলাদেশে অবস্থানরত সেনা কর্মকর্তারা। ব্রিগেডিয়ার বশির আহমাদ, যিনি ঊনসত্তর থেকে একাত্তরের অগাস্ট পর্যন্ত ঢাকায় ছিলেন, তিনি প্রথম আলোকে বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো নিয়ে আবার উদ্যোগ নেওয়া হচ্ছে। হতে পারে সেনাবাহিনী সে সময় তাদের নিয়মানুবর্তিতা হারিয়েছিল, কিন্তু বাংলাদেশিদের ওপর যেমন অত্যাচার হয়েছে, পাকিস্তানের সমর্থকদের ওপরও তেমনি অত্যাচার হয়েছে। মৃত বিষয়কে জিইয়ে রাখার কোনো অর্থ হয় না।পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানে কর্মরত এক সাংবাদিক বলেন, ‘অপরাধ চার বছর আগে কিংবা ৪০ বছর আগে যখনই ঘটুক, অবশ্যই বিচার হতে হবে। আমি একাত্তরের ২৭ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমি দেখেছি কতটা অত্যাচার হয়েছে। এটি ভুলে যাওয়ার মতো কোনো বিষয় নয়।’পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মাহফুজুর রহমান বলেন, যুদ্ধাপরাধের বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি পাকিস্তান সরকার। তবে দু-একটি ব্যতিক্রম ছাড়া সর্বস্তরের মানুষ চায়, এ অন্যায়ের বিচার হোক। এমনকি এ বছরের শেষে যে সচিব পর্যায়ের বৈঠক হবে, সে সময়ও বাংলাদেশ বিষয়টি তুলবে।