যুদ্ধাপরাধ মীমাংসিত ইস্যু: জামায়াত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেছেন, সরকার দেশকে পশ্চাত্মুখী করছে। এ কারণেই ৪০ বছর আগে মীমাংসিত কথিত যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়েছে। আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে দলীয় সমর্থক আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ পরিচালনায় শতভাগ ব্যর্থ হয়ে নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্যই কথিত যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের সব অপকর্মের সমুচিত জবাব দেওয়ার হুমকি দেন জামায়াতের এ নেতা। জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আগে আমাদের স্বাধীনতাবিরোধী রাজাকার বলত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ’৯৮ সালের আগে বাংলাদেশে যুদ্ধাপরাধী শব্দটি উচ্চারণ হয়নি। ’৯৮ সালে আমরা চার দল গঠন করার পর যখন আওয়ামী লীগের ভরাডুবি হলো, তখন থেকেই আওয়ামী লীগ এ নতুন ইস্যু সৃষ্টি করে।’রোম বিধি অনুযায়ী বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে বলে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, তার সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, ‘দুনিয়ার মানুষকে বোকা বানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। সত্ সাহস থাকলে কালো আইন পরিবর্তন করুন। সেই সত্ সাহস আপনাদের নেই। কারণ আপনারা জানেন, সংশোধন করলে যাঁদের গ্রেপ্তার করেছেন তাঁদের আটকে রাখা যাবে না।’বৈঠকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মশিউল আলম বলেন, ‘সত্তর-একাত্তর সনে যারা সাবালক ছিল; যাদের এক কোটি লোকও এখন জীবিত নেই। অর্থাত্, জাতির নব্বই ভাগ লোকই সত্তর-একাত্তরের আসল ইতিহাস জানে না। এখন তাদের টেলিভিশনে চাপাবাজির মাধ্যমে সাজানো কাহিনি দেখানো হচ্ছে।’ তিনি মুক্তিযুদ্ধে শহীদের তালিকা ও শান্তি কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করার দাবি জানান। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির দলের সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ফরিদ উদ্দিন খান, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, শামসুল হক, আবদুর রাজ্জাক, গিয়াস উদ্দিন মিঠু, সাইফুর রহমান প্রমুখ বক্তব্য দেন।