যুদ্ধাপরাধ স্বীকার-অস্বীকারের প্রশ্ন আসবে কেন: আজহার
‘যুদ্ধ হলে অপরাধ তো হবেই। এটা স্বীকার বা অস্বীকার করার প্রশ্ন আসবে কেন? শেখ মুজিবুর রহমান সাহেবই তো চিহ্নিত (যুদ্ধাপরাধীদের) করেছিলেন। যারা ৩০ লাখ লোককে হত্যা করল, দুই লাখ মা-বোনকে ধর্ষণ করল, তাদের চিহ্নিত করে ছেড়ে দেওয়া তো সবচেয়ে বড় অপরাধ।’বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ সোমবার বড় মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আজহারুল ইসলাম ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার নামে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা, শিক্ষানীতির নামে ধর্মহীন শিক্ষানীতি চালু করা, যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের হয়রানি করার প্রতিবাদে ২০ থেকে ২৬ অক্টোবর দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা করেন। এ ছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে নিহতদের স্মরণে ২৭ থেকে ২৯ অক্টোবর তাদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্রেপ্তার জামায়াত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ১ থেকে ৩ নভেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করবে।