যুদ্ধাপরাধী খেমাররুজ জেলারের আজীবন কারাবাস (ভিডিও )
কম্বোডিয়ায় যুদ্ধাপরাধ আদালত আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এক খেমাররুজ জেলারের ৩০ বছরের কারাদণ্ডের আদেশ বাড়িয়ে আজীবন কারাবাস করেছে।ডাচ নামে পরিচিত কাইং গুয়েক ইয়েভকে ২০১০ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।ইয়েভের প্রায় ১৫ হাজার লোকের মৃত্যু তত্ত্বাবধান করেন। আদেশ মানতে গিয়ে তিনি এই কাজ করেছেন এই যুক্তি দেখিয়ে ইয়েভ বেকসুর খালাসের আবেদন করেন। কিন্তু প্রসিকিউটররাও তাঁর শাস্তি যথেষ্ট হয়নি দাবি করে আপিল করেন।
খেমাররুজ শাসন আমলে নিষ্ঠুর নির্যাতনের শিকার হওয়া লোকেরা কারাদণ্ডাদেশ বৃদ্ধির এ রায়কে অভিনন্দন জানিয়েছেন।বিচারকেরা বলেছেন, কুখ্যাত এস-২১ কারাগারের এ সাবেক প্রধানকে দেওয়া প্রাথমিক শাস্তি ১৯৭০-এর দশকের শেষ ভাগে করা তাঁর অপরাধের মাত্রা প্রতিফলিত করে না।আদালতের সর্বোচ্চ আপিল বিভাগের প্রেসিডেন্ট কং স্রিম বলেন, কাইং গুয়েক ইয়েভের অপরাধ নিঃসন্দেহে লিখিত মানব ইতিহাসে জঘন্যতম অপরাধগুলোর অন্যতম। এসব অপরাধের জন্য বিদ্যমান শাস্তির মধ্যে সর্বোচ্চ শাস্তি হওয়া সমীচীন।৬৯ বছর বয়সী সাবেক গণিত শিক্ষক ইয়েভ রায় ঘোষণার সময় কাঠগড়ায় নির্লিপ্তভাবে বসেছিলেন। রায় শোনার জন্য আদালতের পাবলিক গ্যালারিতে কয়েক শ কম্বোডিয়ান ভিড় জমায়। এঁদের মধ্যে ছিলেন গেরুয়া লম্বা ঢিলেঢালা পোশাক পরা ভিক্ষু এবং ১৯৭৫-৭৯ সালে নির্যাতনের শিকার লোকজন। রায়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।খেমাররুজরা পল পটের নেতৃত্বে ২০ শতকের আশির দশকে কম্বোডিয়ায় ২০ লাখেরও বেশি মানুষকে নানাভাবে হত্যা করে।ডাচ হলেন প্রথম খেমাররুজ ক্যাডার যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সম্মুখীন হলেন। তাঁর বিচার প্রক্রিয়ার প্রতি পুরো দেশের মানুষের ব্যাপক আগ্রহ ছিল। ঐতিহাসিক এ বিচারের চূড়ান্ত রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।নয় মাস ধরে বিচার প্রক্রিয়া চলাকালে ডাচ বার বার এস-২১ কারাগারে তার ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন। তবে শেষ মুহূর্তে বেকসুর খালাসের আবেদন করে তিনি আদালতকে বিস্মিত করেন।ডাচ তাঁর আবেদনে বলেন, সম্মানের সঙ্গে এবং কঠোরভাবে আদেশ মেনে চলেছেন বলেই তিনি প্রাণে বেঁচে গেছেন। তবে প্রসিকিউটররা বলেন, বেকসুর খালাসের আবেদন প্রমাণ করে ডাচের মধ্যে অনুশোচনা নেই। ধীরগতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিয়মিত সমালোচনার মুখে পরলেও চূড়ান্ত রায়টি ট্রাইব্যুনালের বিজয় হিসেবে অভিনন্দিত হবে বলে আশা করা হচ্ছে।নানা বিতর্কের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে আদালতের জন্য দাতাদের দেওয়া তহবিল নিঃশেষ হয়ে যায় এবং বর্তমানে কয়েক শ কম্বোডিয়ান কর্মচারীর বেতন বন্ধ রয়েছে।খেমাররুজ আমলের তিন জ্যেষ্ঠ নেতার বিচার গত বছর শুরু হয়েছে। এঁদের বয়সই আশির বেশি। ফলে রায় ঘোষণার আগেই এঁরা মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।