যুদ্ধাপরাধী টেইলরের ৫০ বছরের কারাদণ্ড (ভিডিও)
যুদ্ধাপরাধের দায়ে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরকে ৫০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত টেইলরকে এ সাজা দেন। ১৯৯১ থেকে ২০০২-এর মধ্যবর্তী সময়ে সিয়েরা লিওনে বিদ্রোহীদের সমর্থন করায় এপ্রিলে টেইলরকে দোষী সাব্যস্ত করা হয়। ওই সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে জন-বিশ্বস্ততা ভঙ্গের কারণে তাঁকে দীর্ঘ এ সাজা দেওয়া হয়েছে।বিবিসির খবরে বলা হয়, আদালতে নিজেকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ৬৪ বছর বয়সী টেইলর। এ সময় বয়সের কথা বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজের জন্য ক্ষতিকর নন বলেও জানান সাবেক এ প্রেসিডেন্ট। এর বিপরীতে বিচারকেরা জানান, সাজার ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আনা হবে না। জানা গেছে, আজ টেইলরকে ৮০ বছর সাজা দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। তবে সিয়েরা লিওনে বিভিন্ন অপরাধ সংঘটনে তাঁর (টেইলর) কম সম্পৃক্ততার কথা বলে বিচারক সাজা কমিয়ে ৫০ বছর করেন। বিচারক রিচার্ড লুসিক বলেন, সিয়েরা লিওনে সংঘটিত অপরাধ মানব ইতিহাসের অন্যতম ন্যক্কারজনক ঘটনা। দেশটিতে তিনি (টেইলর) পদার্পণ না করলেও গৃহযুদ্ধে তাঁর সম্পৃক্ততার বড় প্রমাণ রয়েছে। লুসিক আরও বলেন, সিয়েরা লিওনের ইউনাইটেড ফ্রন্ট বিপ্লবীদের অস্ত্রশস্ত্র, আনুষঙ্গিক উপকরণ ও নৈতিক সমর্থন দেওয়ার মাধ্যমে সিয়েরা লিওনে সংঘাত ও দুর্ভোগে রসদ জুগিয়েছেন টেইলর। এর বিনিময়ে তিনি সেখান থেকে হীরা নিয়েছেন।প্রসঙ্গত, সিয়েরা লিওনের গৃহযুদ্ধে জড়িত থাকার দায়ে গত মাসে ধর্ষণ ও নৃশংসতার মতো ১১টি অপরাধে অভিযুক্ত করা হয় টেইলরকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেইলরই কোনো রাষ্ট্রপ্রধান, যাঁকে আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করে। তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাবেক লাইবেরীয় প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে তিনি ছয় মাস সময় পেতে পারেন।