যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে তিনিই প্রথম শিখিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদই প্রথম তার নাটকের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধী যুদ্ধাপরাধীদের ঘৃণা করার আহ্বান জানিয়েছেন জাতিকে। যখন স্বাধীনতা বিরোধীদের নাম দেশে উচ্চারণ করা যেত না, তখন তিনি তার বহুব্রীহি নাটকে পাখির কণ্ঠে ‘তুই রাজাকার’ বাক্যটি উচ্চারণ করালেন।এ প্রসঙ্গে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, যুদ্ধাপরাধীদের ঘৃণা করার বিষয়টি হুমায়ূন আহমেদই প্রথম জাতিকে শিখিয়েছেন। তার এই সাহসী পদক্ষেপের কারণেই ‘তুই রাজাকার’ শব্দটি তখন দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ঘাতক দালাল নির্মুল কমিটিও (ঘাদানিক) তখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিতে থাকে। খবর বাসসের। গণমাধ্যমে হুমায়ূন আহমেদের এই রাজাকার বিরোধী প্রচারণা এবং ঘাদানিকের আন্দোলন তখন দেশের মানুষকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। যুদ্ধাপরাধীদের বর্বরতাকে স্মরণ করে তাদের ঘৃণা করতে উদ্বুদ্ধ করে।লেখিকা সেলিনা হোসেন বলেন, আজকের যে যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলছে এবং তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার কামনা করছে, তার পিছনে হুমায়ূন আহমেদের অবদান কম নয়। হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম প্রসঙ্গে সেলিনা হোসেন বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ও চলচ্চিত্রগুলোতে তিনি আজীবন বেঁচে থাকবেন। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদ জন্ম না নিলে তরুণ সমাজের পাঠাভ্যাস গড়ে উঠতো না। তিনি বলেন, তাঁর গল্প বলার শৈলী সরল ছিল বলেই তরুণরা তার লেখার প্রতি আকৃষ্ট হয়েছিল। সাধারণ মানুষের ভাষায় তিনি মধ্যবিত্তের জীবন কাহিনি রচনা করেছেন।সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, হুমায়ূন আহমেদের কারণেই আমাদের তরুণরা এখন উচ্চ মার্গের বইও পড়ছেন। আগে আমাদের তরুণদের পাঠাভ্যাস ছিল না বলে তারা বাইরের বই তেমন পড়ত না। তিনি বলেন, তাঁর মত সৃজনশীল মানুষের চলে যাওয়া জাতির জন্য সত্যিই অপূরণীয় ক্ষতি।বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্রকার মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পর এত জনপ্রিয় লেখক ও মানুষ আমি দেখিনি। তাঁর যেকোনো লেখাই মুহূর্তেই লাখ লাখ কপি চলে যেত, যেখানে দেশের অন্য জনপ্রিয় লেখকের সারা জীবনের সৃষ্টিকর্মও এক লাখ বিক্রি হয় না। উপন্যাস ও নাটকে তার সৃষ্ট কয়েকটি চরিত্র, যেমন— মিসির আলী, হিমু, বাকের ভাই এতটাই জীবন ঘনিষ্ঠ ছিল যে, তার কোন কোন চরিত্রের জন্য রাস্তায় মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়েছিল। এই জনপ্রিয় লেখক ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের বেল ভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।