যুদ্ধাপরাধীদের ছাড় নেই কোনো দেশে
১৯৭১ সালে বাঙালি জাতির মুক্তিসংগ্রামকে ঠেকাতে গণহত্যা, খুন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মৃত্যুদণ্ড হলো আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে আরও আটজনের বিচার চলছে। যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এমন বিচার নতুন কিছু নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং ঘাতক-দালাল নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালের মধ্যে দিয়ে এ ধরনের অপরাধের বিচার শুরু হয়েছিল। এখনো রুয়ান্ডা, যুগোস্লাভিয়া, কম্বোডিয়া ও সিয়েরা লিওনে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম চলছে। এসব বিচারের মাধ্যমে একেকটি জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় কলঙ্কমুক্ত হচ্ছে। ৪২ বছর পর বাংলাদেশেও প্রথম রায় হলো। এটি জাতির জন্য আনন্দের।’বিশেষজ্ঞরা জানান, অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিচারের পার্থক্য রয়েছে। ওই সব বিচার চলেছে আন্তর্জাতিক আইনে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেশীয় আইনে এবং দেশীয় বিচারকাঠামোতে বিচার চলছে। এতে আসামিরা আন্তর্জাতিক যেকোনো আদালতের চেয়ে এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ অনেক বেশি পাচ্ছেন। এমনকি তাঁরা উচ্চ আদালতেও আপিলের সুযোগ পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পরই চার বিজয়ী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সৌভিয়েত ইউনিয়ন পরাজিত জার্মান নািস যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নুরেমবার্গে স্থাপন করেছিল আন্তর্জাতিক সামরিক আদালত। এই আদালতে ২৪ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নািস নেতার বিচার হয়েছিল। এ ছাড়া ১৯৪৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১০ হাজার যুদ্ধাপরাধীর বিচার করা হয় ইউরোপ ও জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাঁচ বছরে শুধু জার্মানিতেই পাঁচ হাজার ১০জন যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল। এর মধ্যে ২১ জন নারী যুদ্ধাপরাধীসহ ৫০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই গঠিত হয় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট (আইএমটিএফই) যা টোকিও ট্রাইব্যুনাল নামেই পরিচিত। প্রায় আড়াই বছর এই আদালত চলে এবং ২৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে এবং আরও সাড়ে পাঁচ হাজার ব্যক্তির বিরুদ্ধে অপরাধে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়।নুরেমবার্গ ও টোকিও ট্রাইব্যুনালের দৃষ্টান্ত স্থাপন করে গত ৬৮ বছরে বিচার হয়েছে অনেক দেশে। এর মধ্যে রুয়ান্ডার গণহত্যার বিচারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) গঠনের সিদ্ধান্ত হয় ১৯৯৪ সালের নভেম্বরে। বলকান অঞ্চলের গণহত্যা বিচারের জন্য ১৯৯৩ সালের ২৫ মে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ফরমার যুগোস্লাভিয়া (আইসিটিওয়াই) গঠনের সিদ্ধান্ত হয়। ১৯৭৫ সালের ১৭ এপ্রিল থেকে ১৯৭৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত কম্বোডিয়ার গণহত্যা বিচারের জন্য গঠিত হয়েছে এক্সটা অর্ডিনারি চেম্বারস ইন দ্য কোর্ট অব কম্বোডিয়া, যা খেমারুজ ট্রাইব্যুনাল নামেই পরিচিত। সিয়েরা লিওনে গণহত্যার তদন্ত চলছে স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনে, যা সংক্ষেপে এসসিএসএল নামে পরিচিত। হেগে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিএই আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য ৩০ জনের বিচারের কার্যক্রম চলছে। এ ছাড়া ১৩৯টি দেশ থেকে নানা অপরাধের তথ্য এসেছে এই আদালতে। আইনবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধাপরাধীদের অপরাধ বিচারে বয়স কোনো বিষয় নয়। ১৯৯৭ সালে নািস যুদ্ধাপরাধী মরিস পাপনের যখন বিচার শুরু হয় তখন তাঁর বয়স ছিল ৮৭। তাঁর ১০ বছরের সাজা হয়। আরেক নািস যুদ্ধাপরাধী জন ডেমজানজুকের বিচার শুরু হয় ২০০৯ সালে মিউনিখের একটি আদালতে। তখন তাঁর বয়স ছিল ৮৯। ২০১১ সালের ১২ মে তাঁকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধ বিচারের জন্য ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩’ করা হয়। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর যুদ্ধাপরাধীদের বিচারের সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ২০০৮ সালের নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের বিচারের উদ্যোগ নেয়। ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।