যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার আর শাস্তির দাবি
মুখে ছিল দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি। হূদয়ের গভীরে ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। স্মরণে ছিল পরাধীনতার শৃঙ্খলমুক্তকারী সেসব বীর, যাঁরা অমূল্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন অকাতরে। বাকিটা ছিল উৎসব; বিজয়ের চার দশক পূর্তির উৎসব।মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশ ছিল উৎসবমুখর। লাল-সবুজ পতাকা উড়িয়ে আবালবৃদ্ধবনিতা শামিল হয়েছিল জাতির সবচেয়ে গৌরবময় অর্জনের দিনটির উদ্যাপনে। কুয়াশার চাদরে জড়ানো হালকা শীতের দিনটিও ছিল জমিয়ে আড্ডা দেওয়া আর সোল্লাসে ছুটে বেড়ানোর উপযোগী। ব্যান্ড বাজিয়ে, গলা ছেড়ে দেশের গান গেয়ে, স্লোগানে স্লোগানে আশপাশ সচকিত করে তুলে তরুণ প্রজন্ম রাজধানীর পথ থেকে পথে ঘুরে ঘুরে সারা দিন প্রাণস্পন্দিত করে রেখেছিল ছুটির দিনটিকে।দিনের কার্যক্রম শুরু হয়েছিল ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছিল সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পর বিভিন্ন সংগঠন এবং অগণন সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আনন্দের দিনেও স্বজন হারানোর বেদনা বেজেছিল হূদয়তন্ত্রীতে।বিজয়ের ৪০ বছর পূর্তি বলেই এবার সাজসজ্জার ঘটা আর উৎসবে প্রাণের উত্তাপ ছিল বরাবরের চেয়ে বেশি। রাজধানীর সড়ক ও সড়কদ্বীপগুলো সাজানো হয়েছিল জাতীয় পতাকা আর মুক্তিযুদ্ধের স্মৃতিময় ছবিসংবলিত বড় বড় ডিজিটাল বোর্ডে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের হোর্ডিংগুলোতেও ছিল মুক্তিযুদ্ধের ছবি, বঙ্গবন্ধুর ছবি। যানবাহনে, ঘরবাড়ি, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানে উড়েছে পতাকা। মোড়ে মোড়ে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে অনুষ্ঠানের। বেজেছে দেশের গান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। কুয়াশা ভেদ করে আসা আলোয় ঝলকিত পতাকার বর্ণালী, গানের সুর, ভাষণের প্রতিধ্বনি, স্লোগানের অনুরণন সারা শহরের পরিবেশটাই করে তুলেছিল উদ্দীপ্ত।সকাল থেকে চাকরিজীবী বাবা-মায়েরা ছোট ছেলেমেয়েদের গরম কাপড় পরিয়ে বেরিয়ে পড়েন। তরুণ-তরুণীরা দল বেঁধে নেমেছিলেন পথে। নারীদের পরনে প্রাধান্য ছিল লাল-সবুজ শাড়ি আর সালোয়ার-কামিজ। পুরুষদের পাঞ্জাবি, টি-শার্ট বা ফতুয়া, সবকিছুতেই ছিল জাতীয় পতাকার ছোঁয়া। মাথায় জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড, তার মধ্যে কেউ কেউ গুঁজে দিয়েছেন সরু কাঠির সঙ্গে লাগানো পতাকা। বাহুতে, চিবুকেও একই নকশা এঁকেছেন বহুজন। ঘুরে বেড়িয়েছেন রমনা, সোহ্রাওয়ার্দী উদ্যান, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, ধানমন্ডি লেক, রবীন্দ্রসরোবর, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ এলাকায়।সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সাড়ে ১০টায় বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সারা দিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ট্রাকে শোভাযাত্রা করে সারা শহর পরিক্রম করে। অনেক সাংস্কৃতিক সংগঠন ট্রাকে মঞ্চ করেও ভ্রাম্যমাণ অনুষ্ঠান করেছে বিভিন্ন মহল্লায়। বিভিন্ন সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গেছেন তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও দর্শনার্থী ছিল অনেক। দুপুরের পর থেকেই মানুষের ঢল নেমেছিল শহরের উৎসব কেন্দ্রগুলোতে। শাহবাগ, টিএসসি, রমনা, হাইকোর্ট এলাকা প্রায় জনসমুদ্রে পরিণত হয়। ফলে শহরের অন্যান্য এলাকার পথ আধা ফাঁকা থাকলেও বিকেল থেকে এসব এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দঘন হয়ে ওঠে পরিবেশ।সরকারি কর্মসূচি: সরকারি কর্মসূচির মধ্যে সকালে জাতীয় প্যারেড স্কয়ারে ছিল বিভিন্ন বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ। বিকেলে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন। হাসপাতাল, কারাগার, এতিমখানাগুলোতে দেওয়া হয় উন্নত খাবার। এ ছাড়া ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।জুমার নামাজের পর মসজিদে মসজিদে এবং আলাদা মিলাদ ও দোয়া মাহফিল করে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের সমৃদ্ধি কামনা করে হয় বিশেষ দোয়া। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তান ও হারানো স্বজনদের আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা: কুয়াশায় ঢাকা ভোরে আলো ফোটার মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবারের বিজয় দিবসে স্মৃতিসৌধে যেতে পারেননি। স্মৃতিসৌধের বেদিমূলে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিকসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।প্রধানমন্ত্রীর গাড়িবহর চলে গেলে স্মৃতিসৌধ চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ততক্ষণে স্মৃতিসৌধের বাইরে হাজারো মানুষের ভিড় জমে গেছে। বিজয়ের অর্জন জাতীয় পতাকা হাতে অপেক্ষারত মানুষের সমাগমে ভরে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।সকাল সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সেক্টর কমান্ডারস ফোরামসহ সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার দাবি: এবারের বিজয় দিবসে একটি দাবিই প্রতিধ্বনিত হয়েছে মানুষের মুখে মুখে, তা হলো—মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার। রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার প্রত্যাশা করেন। অনেকেই মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ায় খুশি, কিন্তু এর ধীরগতিতে হতাশা জানিয়েছেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘যাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাঁদের হত্যাকারী রাজাকারদের বিচার শুরু হয়েছে, এ জন্য খুশি। কিন্তু বিচারের গতি অত্যন্ত ধীর। দ্রুত বিচার শেষ করার জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে।’ মানবতাবিরোধী অপরাধের বিচার এই সরকারের আমলেই শেষ করার দাবি জানিয়ে চাকরিজীবী আল-ইমরান বলেন, ‘সূর্য সেন, প্রীতিলতা, মুনীর চৌধুরীর এই দেশে কোনো যুদ্ধাপরাধী থাকতে পারে না।’বেশির ভাগ রাজনৈতিক সংগঠনের নেতারাও দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন। তবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন অনেকে।