শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে জাতি গতকাল বুধবার পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস।মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গতকাল সকাল থেকে ঢল নামে মানুষের। সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১ যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে শতাধিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ছয়টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদেরা এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। তাঁদের একজন যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষও তাই চায়।’ শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকেও স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক দেন।এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল সাতটার পর স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়।সকাল পৌনে আটটার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।মির্জা ফখরুল সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমরা সব সময়ই বলছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। সেটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য প্রক্রিয়া চালাতে হবে।’সকাল সাড়ে সাতটার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে ছিলেন। সাংসদ মঈনুদ্দীন খান বাদলের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), মনজুরুল আহসান খানের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সাংসদ রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আ স ম আবদুর রবের নেতৃত্বে জেএসডি শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সকালে সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষে ফুল দেন সাংবাদিক হারুণ হাবিব ও সুব্রত ঘোষ।রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাহায্য সংস্থা, এনজিও, পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থাসহ ব্যক্তি পর্যায়ে অগণিত মানুষ স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানায়।সেক্টর কমান্ডারস ফোরাম: বিকেলে ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকারের নেতৃত্বে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফোরাম প্রথমে স্মৃতিসৌধের বেদির সামনে এবং পরে স্মৃতিসৌধের সামনের সড়কে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে খোন্দকার বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কতগুলো অমানুষ বুদ্ধিজীবীদের হত্যা করে। এখন সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। যত দিন বিচার না হবে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।’জামায়াতের সাবেক আমির গোলাম আযম দাবি করেছেন, তিনি যুদ্ধাপরাধ করেননি—এ প্রসঙ্গে জানতে চাইলে এ কে খোন্দকার বলেন, ‘বিচার হলেই প্রমাণিত হবে, তিনি যুদ্ধাপরাধী কি না।’ আর ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য কে এম সফিউল্লাহ বলেন, ‘তাহলে মুক্তিযুদ্ধে যখন আমরা বিজয়ী হই, তখন তিনি পালিয়েছিলেন কেন?’ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবু ওসমান চৌধুরী বলেন, ‘চোর কোনো দিন চুরির কথা স্বীকার করে না।’মানববন্ধনে ফোরামের সহসভাপতি সারওয়ার আলী, মহাসচিব এম হারুন-অর-রশিদ, যুগ্ম মহাসচিব ম. হামিদ, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম, তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চৌধুরী প্রমুখ অংশ নেন।ঢাকা বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিল, আলোচনা সভা, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, এই নৃশংস হত্যাযজ্ঞের বিচার করা হলে পৃথিবীর কোথাও আর কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস পাবে না।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের উপস্থাপনায় আলোচনায় বক্তব্য দেন কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শহীদ বুদ্ধিজীবী গিয়াস উদ্দিন আহমদের বোন এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ উদ্দিন, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মনিরুজ্জামানের পুত্র আবু মুসা মাসুদ-উজ-জামান প্রমুখ।সম্মিলিত সাংস্কৃতিক জোট: রায়েরবাজার স্মৃতিসৌধে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় শহীদ শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান।