যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার খসড়া প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নির্বাচনের অযোগ্য করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী দু-চার দিনের মধ্যে কমিশনের সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় হাতে পাওয়ার পর জামায়াতে ইসলামীর নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারায় বলা আছে, কেউ জাতীয় বা আন্তর্জাতিক আদালত অথবা ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। এ বিষয়ে কমিশন সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘যুদ্ধাপরাধ’ শব্দটি দ্বারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব অপরাধকে বুঝানো হয় না বিধায় গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(ও) ধারা সংশোধনের প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, কেউ জাতীয় বা আন্তর্জাতিক আদালত অথবা ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর আওতাধীন যেকোনো অপরাধে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।এ বিষয়ে সিইসি কাজী রকিব আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করা হলেও মানবতাবিরোধীদের বিষয়টির উল্লেখ নেই। বিষয়টি আরও স্পষ্ট করার জন্য আইন সংশোধনের সুপারিশ করা হচ্ছে।সিইসি বলেন, মানবতাবিরোধী দল হিসেবে জামায়াতের ব্যাপারে আদালত কোনো নির্দেশনা দিলে কমিশন তা পালন করবে। তবে রায়ের কপি হাতে পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নিবন্ধন সম্পর্কে কাজী রকিব বলেন, দলটি নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে তাদের নিবন্ধিত করা হবে। তার আগে এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে সেটাও বিবেচনা করা হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী বিএনএফ নিবন্ধন শর্ত পূরণ করতে পারেনি। এই দলটিকে নিবন্ধিত না করার জন্য বিএনপি থেকে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১