যুদ্ধাপরাধীদের পক্ষে খালেদা জিয়া রাখঢাক রাখছেন না: প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া খোলামেলা-ভাবেই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হওয়ায় বিরোধীদলীয় নেত্রী তাদের বাঁচাতে উঠেপড়ে লেগেছেন। এখন আর রাখঢাক রাখছেন না, একেবারে খোলামেলা হয়ে গেছেন। শেখ হাসিনা দেশের অর্থনীতি ভালো আছে উল্লেখ করে বলেন, কিছু মানুষ ‘টাকা নেই, টাকা নেই’ বলে হাহাকার করছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। কিসের হাহাকার? চালাতে পারলে ঠিকই চালানো যায়। বঙ্গবন্ধুর সময় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রিজার্ভ মানি ছিল না। তখন কি দেশ চলেনি? গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুদ্ধাপরাধীদের বিচার, পেশাজীবীদের অধিকার ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত পেশাজীবী মহাসমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মহাসমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ যোগ দেন। সারা দেশ থেকে আসা পেশাজীবী নেতারা যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ লড়াই করার পাশাপাশি আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকারকে পুনর্নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেখ হাসিনা দেশের সার্বিক অর্থনীতি এবং সরকারের ব্যাংক থেকে ঋণ গ্রহণ সম্পর্কে সমালোচনার জবাব দিয়ে বলেন, একটা হতাশা তৈরির চেষ্টা হচ্ছে। সরকার ঋণ করে ঘি খাচ্ছে না, জনগণের জন্য কাজ করছে। এর ফলাফল পাওয়া যাবে। এ নিয়ে হতাশার কিছু নেই। তিনি বলেন, মোবাইল ফোনের লাইসেন্স বিক্রি থেকে সাত হাজার কোটি টাকা আসবে। উন্নয়নমূলক কাজ হবে। শিগগিরই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে। যানজটের নিরসন হবে।বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ‘কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্ট’ স্থাপনে কিছু মানুষের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের হাহাকার নিয়ে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। বর্তমান সরকারের মেয়াদের মাত্র ৩৪ মাসে ৩৪টি নতুন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। এসব উদ্যোগের ফলে বিদ্যুতের হাহাকার কমেছে। এখন কেউ কেউ বলেন, এসবের কী প্রয়োজন ছিল! টাকার জন্য তাঁদের এখন মায়াকান্না।’ বিরোধী দলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘জাতি হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যখন একটি দেশের প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) ও অর্থমন্ত্রী (সাইফুর রহমান) জরিমানা দিয়ে দুর্নীতির কালোটাকা সাদা করেন।’ তিনি বলেন, সরকারি পয়সা খরচ করে তিনি (খালেদা জিয়া) ছেলেদের মানি লন্ডারিং ও ড্রাগ গ্রহণের শিক্ষা দিয়েছেন। এফবিআইয়ের প্রতিনিধি আদালতে সাক্ষী দিয়ে তাঁর ছেলের দুর্নীতির সব জারিজুরি ফাঁস করে দিচ্ছেন। এটা জাতির জন্য লজ্জা। প্রধানমন্ত্রী বলেন, অতীত সরকারগুলোর সময় নির্বাচন মানেই ছিল ‘১০ হোন্ডা, ২০ গুন্ডা—নির্বাচন ঠান্ডা।’ কিন্তু বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনেই সরকার থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। এ কারণে অনেক স্থানেই আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছে। বর্তমান সরকার প্রমাণ করেছে, জনগণের পবিত্র আমানত ‘ভোট’ এ সরকারের সময় নিশ্চিত থাকবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে বিএনপির অবস্থান কী, তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের দুজন প্রার্থীর বিপরীতে বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র সাত হাজার ৮০০ ভোট। এখানে আওয়ামী লীগ দলগতভাবে কাউকে সমর্থন করেনি। জেলা ও কেন্দ্রীয়ভাবে দুই ভাগে বিভক্ত হয়ে নেতারা দুই প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। জাতীয় পেশাজীবী মহাসমাবেশ ও কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শোক প্রস্তাব পাঠ করেন কৃষিবিদ এম কামরুজ্জামান। আলোচনায় অংশ নেন সমন্বয় পরিষদের কো-কনভেনর সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আবদুল বাসেত মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মাহমুদ হাসান, আবুল বারকাত, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শিক্ষকনেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।