যুদ্ধাপরাধীদের পক্ষে খালেদার অবস্থানই বড় বিপদ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াতে ইসলামী সশস্ত্র হামলা চালাচ্ছে। এতে বাংলাদেশ ও গণতন্ত্র বিপদের সম্মুখীন। তিনি অভিযোগ করে বলেন, বড় বিপদ হলো, বিরোধী দলের নেতা খালেদা জিয়া এই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। আজ রোববার কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এই যৌথ সশস্ত্র হামলা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচারের রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়।হাসানুল হক ইনু বলেন, ‘অতীতে যেমন পাকিস্তানকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের উন্নয়ন করতে হলে যুদ্ধাপরাধীদের রাজনৈতিক অঙ্গন থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিতে হবে। এটাই হবে এবারের বিজয় দিবসের মূল সিদ্ধান্ত।’ এ সময় সেখানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল হাফিজ, কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সি এ হালিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।