যুদ্ধাপরাধীদের পক্ষে বক্তব্য দেওয়ায় খালেদার সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের রক্ষায় দেওয়া বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন সরকারি দলের সাংসদেরা। বিষয়টির ওপর আজ বুধবার রাতে আলোচনার জন্য নোটিশ দেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে এ নিয়ে আলোচনা চলছে।আলোচনার সূত্রপাত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদে পাস হওয়া কোনো প্রস্তাব আইনের মতোই কার্যকর। কিন্তু বিরোধীদলীয় নেতা একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়ে যেভাবে এ প্রস্তাবের তোয়াক্কা না করে স্বাধীনতাবিরোধী, খুনি রাজাকারদের রক্ষার জন্য রোড মার্চের নামে সারা দেশে মিথ্যাচার ও আইনবহির্ভূত কাজ করছেন। তা বন্ধে সংসদে আলোচনা করে এর প্রতি ধিক্কার ও নিন্দা জানানো দরকার।এই নোটিশে রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, মো. আলী আশরাফ ও রফিকুল ইসলাম স্বাক্ষর করে সমর্থন জানান।গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে নিয়ে বিরোধী দলের নেতার বক্তব্য নিয়ে সংসদে সাধারণ আলোচনার দাবি জানান সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদেরা। সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিনে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান তাঁরা। ওই সময় স্পিকার আবদুল হামিদ জানান, এ বিষয়ে নোটিশ দেওয়ার পর আলোচনা করা যাবে।সম্প্রতি বিরোধী দলের রোড মার্চে খালেদা জিয়া বলেছেন, নিজামী, সাঈদী যুদ্ধাপরাধী নন। যুদ্ধাপরাধের অভিযুক্তদের মুক্তি চান তিনি।জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উত্থাপনের কারণের বিষয়ে সুরঞ্জিত জানান, দেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন তথাকথিত চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ দেশীয় যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করায় মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করাসহ যুদ্ধাপরাধীদের বিচার বাধা দান ও আদালত অবমাননা করছেন।‘এতে জাতি হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত’ উল্লেখ করে এ জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার আহ্বান জানান আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাঙালি জাতির অহংকার বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা অর্জনের জন্য কিছু স্বাধীনতাবিরোধী ছাড়া এ দেশের আপামর জনগণ মুক্তি-সংগ্রাম করেছে। আল-বদর, আল-শামস, রাজাকার ও শান্তিবাহিনী মুক্তি-সংগ্রামের বিরোধিতা করে এ দেশের সাধারণ জনগণসহ হাজার হাজার বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।স্বাধীনতার ৪০ বছর পর আজও সে পরাজিত শক্তি তাদের লক্ষ্যে সক্রিয় রয়েছে। এ জন্য ২০০৯ সালে ২৯ জানুয়ারি সংসদে তাদের বিচারের জন্য একটি প্রস্তাব পাসের মাধ্যমে মতৈক্য হয়েছিল।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন আরও বলেন, বিরোধীদলীয় নেতার বর্তমান অবস্থান ও বক্তব্য একদিকে যেমন সংসদে সর্বসম্মতভাবে নেওয়া প্রস্তাবের বিরোধিতা, সংসদ অবমাননার শামিল। অন্যদিকে যেহেতু বিষয়টি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন, সে কারণে এটা সাবজুডিস। তিনি যদি তাঁদের পক্ষে সাফাই সাক্ষী দিতে চান, তাহলে সেই আদালতে উপস্থিত হয়ে তথ্যসহ হাজির হতে পারেন। কিন্তু আদালতের বাইরে বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পতাকা নিয়ে এ কথা বললে অবশ্যই আদালত অবমাননার দায়ে কনটেম্পট প্রসিডিংয়ের সম্মুখীন হবেন।