যুদ্ধাপরাধীদের প্রতীকী ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফা চৌধুরী মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত কসাই চৌধুরীর (ছদ্মনাম) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী উজ্জয়িনী আচার্যি আসামির অপরাধের সপক্ষে উপযুক্ত প্রমাণ ও দলিল আদালতের কাছে উপস্থাপন করেন। সব দেখে গম্ভীর বিচারপতি শিখতি সানি রহমান। তিনি আহ্বান জানান আসামিপক্ষের আইনজীবীদের।আসামিপক্ষের দুই আইনজীবী ইমরান আজাদ ও নুরান চৌধুরী আন্তর্জাতিক অপরাধের (ট্রাইবুনাল) জন্য ১৯৭৩ সালে প্রণীত আইনের বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।বিচারপতির আহ্বানে অ্যামিকাস কিউরি অর্পিতা আসামিপক্ষের সব যুক্তি খণ্ডন করে বলেন, অপরাধের স্থান ছিল বাংলার মাটি। আর অপরাধীরা বা অপরাধের দোসরেরা এই বাংলার অধিবাসী। তাই বাংলাদেশের মাটিতে তাদের বিচার সম্ভব। আর আইন প্রণয়ন হয় তখনই, যখন প্রয়োজন দেখা দেয়। আর আন্তর্জাতিক আইন কখনোই তামাদি হয় না। তিনি বিচারপতিকে যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিপক্ষে রায় শোনানোর জন্য অনুরোধ জানান।এটি সত্যিকারের ট্রাইব্যুনাল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছায়া আদালতের (প্রতীকী ট্রাইব্যুনাল) চিত্র। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক বিজয় উৎসবের পঞ্চম দিনে আয়োজন করা হয় এই প্রতীকী ট্রাইব্যুনাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সারা জাকের।এ ছাড়া ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসেবে শহীদ পরিবারের অনুভূতি জানান শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর। স্বাধীনতার ৪০ বছর পর হলেও একাত্তরে নৃশংসভাবে হত্যা করা ৩০ লাখ শহীদের হত্যার বিচার দাবি করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শহীদ মীর আবদুল কাইয়ুমের মেয়ে মাহবুবা কানিজ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বধ্যভূমির সন্তানদল, দলীয় আবৃত্তি করে স্বনন। স্বপ্ন দল পরিবেশন করে মূকাভিনয় ‘স্বাধীনতা সংগ্রাম’। সংগীত পরিবেশন করে ছায়ানট।