যুদ্ধাপরাধীদের ফাঁসি আজ সর্বজনীন দাবি: দীপু মনি
একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি আজ সর্বজনীন দাবি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি আজ শুক্রবার দুপুরে পুরানবাজার আমিনুল হক পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে দীপু মনি বলেন, যারা ১৯৭১ সালে অপরাধ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি যে সংগঠন এ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য প্রজন্ম চত্বর দাবি তুলেছে। সেই দাবির সবদিক সরকার খুঁটিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশনও এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ সমাজ যে দাবি করেছে, এখন তা তরুণ সমাজের মাঝে সীমাবদ্ধ নেই। তরুণদের ডাকে আজ সব বয়সের মানুষ, সব শ্রেণী-পেশার মানুষ একাত্ম হয়েছেন। এ দাবিটি আজ সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে।’এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী প্রমুখ।