যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কলকাতায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ বুধবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। আজ বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণির বাংলাদেশ উপহাইকমিশনের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপহাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিকেল পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ উপহাইকমিশনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে যান। সেখানে বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়েছেন তাঁরা।