যুদ্ধাপরাধীদের বর্জন না করলে খালেদাকে বিদায় নিতে হবে
গণতন্ত্র নিরাপদ করার স্বার্থে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের বর্জন করতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি আবারও বলেছেন, যুদ্ধাপরাধীদের বর্জন না করলে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে খালেদা জিয়ার উদ্দেশে ইনু বলেন, ‘যদি গণতন্ত্র নিরাপদ ও শান্তি চান তাহলে আল্লাহর ওয়াস্তে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীদের বর্জন করুন। না হলে আপনাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জাসদ ঢাকা মহানগর শাখা ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জামায়াত নেতা গোলাম আজম ও মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা দাহ করা হয়।নির্বাচনকালীন বিকল্প সরকারব্যবস্থা নিয়ে একটি ঐকমত্যের পরিবেশ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, গণতন্ত্র নিরাপদ করতে চাইলে বিকল্প নির্বাচনী ব্যবস্থার বিষয়ে যেমন ঐকমত্য দরকার তেমনি দরকার যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীদের চিরতরে বিদায় করা।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এ আশ্রয়-প্রশ্রয়ের কারণে তারা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। যুদ্ধাপরাধীদের রাজনীতি থেকে বর্জন না করলে সংঘর্ষের রাজনীতি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন ইনু।