যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় ঢাকা ও মেহেরপুরের মুজিবনগরসহ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে না পেরে বিএনপি-জামায়াত জোট এখন যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। যতই ষড়যন্ত্র করা হোক, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আইনের রশিতে তাদের ঝুলতেই হবে।ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতারা এসব কথা বলেন।আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে জাতীয় নেতাদের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাখার কথা থাকলেও কিছুটা অসুস্থ থাকায় তিনি বিশ্রামে ছিলেন। ফলে কোনো কর্মসূচিতেই প্রধানমন্ত্রী অংশ নেননি।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ। বেকায়দায় পড়ে বিএনপি-জামায়াত জোট এখন আবোল-তাবোল বকছে।সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে (অ্যাক্ট) গণতান্ত্রিক, সাংবিধানিক ও আন্তর্জাতিক মানসম্মত আইন উল্লেখ করে বলেন, এটি কালো আইন হলে দুবার ক্ষমতায় থেকে খালেদা জিয়া কেন তা বাতিল করলেন না? যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় খালেদা জিয়া-নিজামীরা পেরেশানিতে আছেন। পাকিস্তানও তাদের পাশ থেকে সরে গেছে। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশকে অবশ্যই কলঙ্কমুক্ত করা হবে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ এক ও অভিন্ন। বিষয়টি একইভাবে আইনে সংজ্ঞায়িত করা রয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবেই। আইনের রশি থেকে রেহাই হবে না, ঝুলতেই হবে একাত্তরের ঘাতকদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘নব্য মুজিব কোট’ধারীদের সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার সময় অনেকের আওয়াজ উঁচু দেখা যায়, কিন্তু বিপদের সময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন, এ কে আজাদ চৌধুরী, মাহবুবুল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন নূহ-উল-আলম লেনিন।