যুদ্ধাপরাধীদের বাঁচাতে ‘হিংস্র ভূমিকা’য় খালেদা: আশরাফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে বেশি ‘হিংস্র ভূমিকা’ নিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার চলছে। যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য প্রথম থেকে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি হিংস্র ভূমিকা নিয়েছেন। বাংলাদেশে জামায়াতের এত শক্তি নাই যে তারা পুলিশ হত্যা করবে, সংখ্যালঘুদের হত্যা করবে বা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করবে। এই শক্তি হলো বেগম খালেদা জিয়ার শক্তি। তিনি সব শক্তি দিয়ে যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার জন্য আজকের সব ধরনের পদক্ষেপ নিয়েছেন।’জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরাকার মন্ত্রী বলেন, ‘পৃথিবীর এমন কোনো দেশ নাই, এই বাংলাদেশের মতো, যারা যুদ্ধ করে পরাজিত হয়েছে, যাদের হাত থেকে আমরা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি, ৪২ বছর পরে তারা রাজনীতি করে; এটা একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই।’সেনাবাহিনী নিয়ে সম্প্রতি বগুড়ায় খালেদা জিয়ার ভাষণ সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কয়েক দিন আগে বগুড়ায় গিয়ে বাংলাদেশের রাজনীতিতে, শাসনব্যবস্থা ও সংবিধানে হস্তক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। এটা নজিরবিহীন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের কোনো ঘটনা অতীতে ঘটেছে কি না, আমার সন্দেহ আছে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে আজ খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হতো।’সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার ওই দিনের ভাষণ পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে সবাই জানতে পেরেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, খালেদা জিয়া এটা বলেননি। তাই এখন ‘শাক দিয়ে মাছ ঢাকা’ সম্ভব নয় বলে তিনি দাবি করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অদ্ভুত দেশ। সবকিছু বলেই পার পেয়ে যাবেন। মামলার বিষয়টা আসবে না। কারণ তিনি সব আইনের ঊর্ধ্বে, পৃথিবীর আর কেউ সব আইনের ঊর্ধ্বে নয়।’সমগ্র জাতিকে এই যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া শেষ করতে আরেকবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।