যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী যেভাবে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, এ সরকারের আমলে একইভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে।আজ বনানী টি অ্যান্ড টি কলোনির আনসার ক্যাম্পে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রকল্পের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস-২০১০ উপলক্ষে মেগা চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি বিশেষ মহল ৭১-এর ঘাতকদের আশ্রয় দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা করছে। এই হীন প্রচেষ্টা যাতে বাস্তবায়িত না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।সাহারা খাতুন বলেন, এর মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তদন্তকাজ চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রজেক্টের কো-অর্ডিনেটর এম নুরুন নবী, সাবেক ওয়ার্ড কমিশনার মফিজুর রহমান, সংগঠনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, ইসলামিয়া চক্ষু হাসপাতালের চেয়ারপারসন জাহিদা ইস্পাহানি, ওয়াহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বাসস।