যুদ্ধাপরাধীদের বিচার কখন হবে তা বলার এখতিয়ার মন্ত্রীর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের কার বিচার কখন হবে, সে বক্তব্য দেওয়ার এখতিয়ার মন্ত্রী কিংবা সরকারের অন্য কারও নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। যুদ্ধাপরাধের অভিযোগে আগামী মাসে অন্তত দুজনের বিচার শুরু হবে—আইনমন্ত্রী শফিক আহমেদের এ বক্তব্যের পর সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বললেন।সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কার বিচার কখন হবে, এই বক্তব্যের এখতিয়ার কোনো মন্ত্রীর না, আমাদেরও হওয়া উচিত না। এটি বলবেন ট্রাইব্যুনালে যাঁরা আছেন, প্রসিকিউটর যাঁরা আছেন তাঁরা। এটি হলেই আমরা প্রমাণ করতে পারব যে আমাদের যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, স্বচ্ছ এবং নিরপেক্ষ।’ তিনি মনে করেন, সরকারের মন্ত্রীরা বক্তব্য দিলে যুদ্ধাপরাধের বিচার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী: জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মহাজোট সরকারের অর্ধেক সময় চলে গেছে। অবশিষ্ট সময়ের মধ্যে কাজগুলোর অন্যতম হচ্ছে, যুদ্ধাপরাধীর বিচার করা। তবে আড়াই বছরেও বিচার শুরু করতে না পারাটা অমার্জনীয়। তিনি বলেন, ‘...আশা করব, এই বছরেই অন্তত বিচারটি শুরু হবে এবং কিছু বিচার শেষ হবে। এটাই দেশবাসীর প্রত্যাশা। এরপর আর বোধ হয় মানুষের অসীম ধৈর্যের অপেক্ষা থাকবে না।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধান সংশোধনের কাজটি কোনো দলের নয়, কোনো জোটের নয়। এটি জাতীয়। কিন্তু ২৭টি সভা হলেও বিরোধী দলের কোনো সদস্য তাতে আসেননি।...বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর সমসংখ্যক উপদেষ্টা নিয়ে কমিটির মতবিনিময়ে আসার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আসেননি।’সংসদে যেতে বিএনপির শর্তের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘...আপনারা কি শুনেছেন, পৃথিবীতে এমন কোনো সংসদীয় গণতন্ত্রের দেশ আছে যেখানে বিরোধীদলীয় নেত্রী সংসদে আসতে শর্ত দেন? সাংবিধানিক বিরোধী দল হিসেবে সংসদে আসা তাদের অধিকারের ব্যাপার। এটাকে শর্তযুক্ত করা গণতন্ত্রের প্রতি অবজ্ঞা।’ সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অরুণ সরকার, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।