যুদ্ধাপরাধীদের বিচার চলতেই থাকবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। একের পর এক এ বিচার চলতেই থাকবে। তিনি বলেন, যত দিন পর্যন্ত যুদ্ধাপরাধীরা চিহ্নিত হতে থাকবে তত দিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার চলতেই থাকবে।আজ শুক্রবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সাহারা খাতুন বলেন, ওই মামলার অনেক আসামি এর মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। গাজীপুরের বিভিন্ন স্থান থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আইনজীবী আজমত উল্লাহ খান, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে রাজবাড়ী মাঠে প্রায় অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য ড্রেজার চালিয়ে ধ্বংস করা হয়।পরে স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুর জেলা চত্বরে বিজয় দিবসের আলোচনা সভা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযুদ্ধের তিনজন সংগঠককে মরণোত্তর স্বর্ণপদকে ভূষিত করা হয়। তাঁরা হলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ ময়েজ উদ্দিন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার।