বিরোধী দলের উদ্দেশে সৈয়দ আশরাফ
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে কর্মসূচি জনগণ মেনে নেবে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হবে—এটাই এখন বিএনপি-জামায়াতের একমাত্র রাজনৈতিক ইস্যু। কারণ তারা জানে, মুক্তিযুদ্ধের সময় করা নিষ্ঠুরতা ও বর্বরতা নতুন প্রজন্ম জানতে পারলে বিএনপি-জামায়াতের রাজনীতি থাকবে না। এ জন্যই তারা এখন ঘাবড়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে উঠে-পড়ে লেগেছে।জাতীয় জাদুঘরে আজ রোববার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।সৈয়দ আশরাফ বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথ গরম করুন। বিদ্যুত্ সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে মিছিল-লংমার্চ করুন। এতে আমাদের আপত্তি নেই। কারণ এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে কর্মসূচি দিলে জনগণ তা মেনে নেবে না।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী একবারও বলেননি যুদ্ধাপরাধীদের বিচার হোক। বরং তাঁরা পারলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেও নতুন দায়মুক্তি আইন করে ফেলতেন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হাসান মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ডা. ইকবাল আর্সলান প্রমুখ।