যুদ্ধাপরাধীদের বিচার তাড়াহুড়ার বিষয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দেশবাসীকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর পর এ বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটু ভুল হলেই সর্বনাশ হবে। তাই একটু ধৈর্য ধরতে হবে। এটা তাড়াহুড়ার বিষয় নয়।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে। যখন যেখানে যুদ্ধাপরাধী পাওয়া যাবে, তখনই বিচার কার্যক্রম শুরু হবে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচায় একটি ভাড়াবাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম শুরু হয়। নিজস্ব ভবনের জন্য সরকার এ প্রতিষ্ঠানকে আগারগাঁওয়ে আড়াই বিঘা জমি দিয়েছে। জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, একটি দোতলা ভবন নির্মাণ করা হচ্ছে। এ জন্য ১০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরই মধ্যে ২৪ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।বাজেটে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য প্রতি অর্থবছরে পাঁচ কোটি টাকা করে মোট ১৫ কোটি টাকা বরাদ্দের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করলে কর রেয়াতের ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় জাদুঘরের ট্রাস্টিদের নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রী, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মকে জানাতে হবে। ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে মুক্ত করার ক্ষেত্রে অবদান রাখবে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধে মানুষ যেভাবে ত্যাগ স্বীকার করেছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেসব আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের অর্জন আমাদের ভবিষ্যৎ চলার পথ দেখিয়ে দেবে। বিকৃত ইতিহাস থেকে আমাদের সত্যের দিকে ধাবিত করবে। পঁচাত্তরের ১৫ আগস্টের পর ২১ বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হয়েছে। বই থেকে স্বাধীনতার ইতিহাস মুছে কাল্পনিক ইতিহাস জুড়ে দেওয়া হয়েছে।’কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা নামধারীদের হাতে কিছু কিছু ক্ষতি হয়েছে। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল-প্রক্রিয়া শুরু হয়েছিল একজন মুক্তিযোদ্ধা নামধারীর হাতেই। জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শেখ হাসিনা বলেন, ‘আজকের দিনটি সত্যি একটা আনন্দের দিন। মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছি। এই জাদুঘরের সঙ্গে আমার আর রেহানার একটা সম্পৃক্ততা রয়েছে। আমি একে নিজের প্রতিষ্ঠান মনে করি। আমি আর রেহানা সব সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের খবর রেখেছি।’জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, সর্বস্তরের মানুষের সহায়তায় জনগণের মালিকানায় এই মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মিত হবে। যে জাদুঘর হাজার বছর ধরে বাঙালির গৌরব ও বেদনাকে চিরঞ্জীব রাখবে। ট্রাস্টি ও সদস্য-সচিব মফিদুল হক বলেন, নির্মিতব্য মুক্তিযুদ্ধ জাদুঘর হবে প্রজন্ম থেকে প্রজন্মে স্মৃতির বহমানতার স্বপ্ন বাস্তব করে তোলার কর্মক্ষেত্র, শহীদদের স্বপ্নজড়িত তীর্থপীঠ, জাতির গৌরব-প্রকাশক আন্তর্জাতিক মানের জাদুঘর।অনুষ্ঠানে জাদুঘরের অন্যতম ট্রাস্টি আক্কু চৌধুরী নির্মাণ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, দেশি-বিদেশি অসংখ্য নকশা থেকে তরুণ স্থপতি ফারজানা ও তানজিমের নকশা নির্বাচন করা হয়েছে। এ জাদুঘরে মিলনায়তন, আর্কাইভ ও প্রদর্শনী কেন্দ্র থাকবে।এ ছাড়া অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আলী যাকের ও জিয়াউদ্দিন তারিক আলী দর্শনার্থী খাতা থেকে বিভিন্ন ব্যক্তির লেখা পড়ে শোনান। শোক প্রস্তাব পাঠ করেন সারা যাকের। স্বাগত বক্তব্য দেন রবিউল হুসাইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আসাদুজ্জামান নূর।জাহাজভাঙা শিল্পের নীতিমালা হবে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার পরিবেশ রক্ষায় দেশের জাহাজভাঙা শিল্পের জন্য শিগগিরই একটি নীতিমালা তৈরি করবে। গতকাল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নবনির্বাচিত পরিচালকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি এড়াতে জাহাজভাঙা শিল্পে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।সিসিসিআইয়ের সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিমের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন সাংসদ এম এ লতিফ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। বৈঠকে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণ এবং নদীটি খননের পরিকল্পনা করছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।সিসিসিআইয়ের নেতারা চট্টগ্রামের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে তাঁর সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন।