যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কমিটির উদ্যোগে ২৭ জুলাই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের পাশাপাশি এ মানববন্ধনে কলাপাড়া উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় ৩০০ মুক্তিযোদ্ধার সন্তান অংশ নেন। পরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ শোভাযাত্রা উপজেলা শহর প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদিউর রহমান, ডেপুটি কমান্ডার হাবিবুল্লা রানা প্রমুখ উপস্থিত ছিলেন।