যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চান তারামন বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বিভিন্ন কর্মসূচিতে সমপ্রতি দিনভর ব্যস্ত সময় কাটান বীরপ্রতীক তারামন বিবি। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গাইবান্ধা জেলা জাসদ আয়োজিত শহরের ট্রাফিক মোড়ে মানববন্ধনে যোগ দেন। পরে এক সুধী সমাবেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী কাজ, ধর্ষণ, লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ করেছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আমরা জীবিত থাকতেই তাদের বিচারের কাঠগড়ায় দেখতে চাই। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই প্রক্রিয়া যেন বিলম্বিত না হয় সেদিকে সজাগ থাকতে হবে।’ আগামী প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বর্তমানে দেশে যে আন্দোলন গড়ে উঠেছে তা অব্যাহত রাখতে হবে। না হলে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। শাহ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সদর আসনের সাংসদ মাহাবুব আরা বেগম, সদরুল কবির, লুত্ফর রহমান, একরাম হোসেন, গোলাম মারুফ, জিয়াউল হক, নাজমুল আরেফিন, সেলিনা আকতার, আমিনুজ্জামান, মোস্তাক আহম্মেদ প্রমুখ। এ ছাড়া তার নামে প্রতিষ্ঠিত তারামন বিবি বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টি পরিচালনা করছে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ-উন্নয়ন কেন্দ্র।