যুদ্ধাপরাধীদের বিচার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচার না করে এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘এই বিচারের মধ্যে দিয়েই আমরা ভবিষ্যতের বাংলাদেশের দিকে অগ্রসর হব’।‘মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার ও ভবিষ্যতের বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এক সভায় সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আলোচনা সভার আয়োজন করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের সামষ্টিক স্বপ্ন ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পর আমরা নিজেরা কে কী পেলাম, তা-ই নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ক্রমেই আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরেছি। কাঙ্ক্ষিত গণতন্ত্র আসেনি।’জাতীয় অধ্যাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এর পরে এই দেশে পাকিস্তানীকরণ, ইসলামীকরণ ও সামরিকীকরণ শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যায় তরুণ প্রজন্মের ভোটে। কিন্তু ক্ষমতায় গিয়ে মানুষ অন্ধ হয়ে যায়। তারা সাধারণ মানুষের মনোভব বুঝতে পারে না।সাংবাদিক অজয় রায় বলেন, যুদ্ধাপরাধের বিচারকে আন্তর্জাতিক মানের করার কথা বলেন অনেকেই। তাদের এসব কথার উদ্দেশ্য কী? আর আন্তর্জাতিক মানদণ্ডই বা কী? এ দেশে যুদ্ধাপরাধ হয়েছে। কাজেই বিচার হবেই। আগামী ছয়-সাত মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, ‘বিএনপির নেতা এম কে আনোয়ার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করে বলেন, ‘এটি নাকি জঙ্গলের শাসন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।, তিনি আরও বলেন, ‘এত কিছু না করে পল্টনে ফাঁসিতে ঝোলান, যেভাবে কর্নেল তাহেরকে আপনারা ফাঁসিতে ঝুলিয়েছেন। দেশে আইনের শাসন আছে বলেই এখনো যুদ্ধাপরাধীরা দাড়িতে মেহেদি লাগায়।’সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন তারেক আলী। তিনি বলেন, স্বাধীনতার পর পরাজিত শক্তিরা বারবার এ দেশের অগ্রযাত্রা ব্যাহত করেছে। তারা এখনো নানা চক্রান্ত করছে। যুদ্ধাপরাধীরাও আজ অনেক শক্তিশালী হয়েছে। তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য যেকোনো কিছু করতে পারে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।