যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রয়োজনে হরতাল দেবে ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনে করছে, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতেই বিএনপি হরতাল দিয়েছে। দলটির নেতারা বলেছেন, দেশে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে। তাদের বিচারের দাবিতে ওয়ার্কার্স পার্টি প্রয়োজনে হরতাল দেবে।আজ শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নস্যাতের চেষ্টা প্রতিরোধ, গ্যাস, পানি, বিদ্যুত্সহ জনজীবনের সংকট সমাধানের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বিভিন্ন দাবিতে উন্মুক্ত সমাবেশ করল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।পার্টির পলিটব্যুরো সদস্য ও রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি হরতাল দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতেই হরতাল দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার যেন তারা নস্যাত্ করতে না পারে, সে জন্য বিচারের দাবিতে প্রয়োজনে ওয়ার্কার্স পার্টিই হরতাল দেবে।’ তিনি বলেন, আগামী নির্বাচনের আগে সরকার নিয়ম অনুয়ায়ী ক্ষমতা ছাড়বে। অন্য কোনো পন্থায় সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না।পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া হরতালকে অগ্রহণযোগ্য ও মরচেপড়া অস্ত্র বলেছিলেন। নির্বাচনের আগে বলেছিলেন আর কখনো হরতাল দেবেন না। কিন্তু হরতাল দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।