যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মানবতাবিরোধী কনভেনশন করবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে জনমত গঠনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে যুদ্ধাপরাধের বিচার বিষয়ে রাজধানীতে মানবতাবিরোধী এ কনভেনশন করা হবে।আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে কনভেনশনের তারিখ ঠিক করা হবে। সূত্র জানায়, বৈঠকে ১৪ দলের অনেক নেতাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার তাগিদ দেন। শরিক দলের দু-একজন ১৪ দলের নেতাদের মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন।সংবাদ ব্রিফিংয়ে দীপু মনি বিএনপিসহ বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ঘৃণ্য যুদ্ধাপরাধীদের দূরে সরিয়ে দিন, সমর্থন দেবেন না। দেশ ও জাতির স্বার্থে এ কাজটি করুন। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।’ তিনি বলেন, বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের নেওয়া পদক্ষেপে ১৪ দলের নেতারা সন্তোষ প্রকাশ করেন। দীপু মনি জানান, ১৪ দলের বৈঠকে জাতীয় শিক্ষানীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলা হয়, সর্বজনীন এ শিক্ষানীতি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। অথচ একটি চিহ্নিত মহল এ শিক্ষানীতি সম্পর্কে অপব্যাখ্যা ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে।এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, জোটগতভাবেই পৌরসভা নির্বাচনে মহাজোটের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। দ্রুতই শরিক দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বা এককভাবে আলোচনা করা হবে। এ ছাড়া সরকারের দুই বছরের সাফল্য-ব্যর্থতার বিষয়টিও জোটগতভাবে প্রতিক্রিয়া জানাবে ১৪ দল। বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, রাশেদ খান মেনন, মোহাম্মদ নাসিম, হাসানুল হক ইনু, সাহারা খাতুন, মহীউদ্দীন খান আলমগীর, সতীশ চন্দ্র রায়, আবদুল মান্নান খান, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দিলীপ বড়ুয়া প্রমুখ।