দেশের সার্বিক অবস্থা পরিবর্তনে সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১১ দলের নেতারা। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে ১১ দলের পরিচালনা পরিষদের সভায় তাঁরা এ আহ্বান জানান। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সভায় বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যা হচ্ছে, তাতে এই সরকারের সময়কালে বিচার সম্পন্ন হবে কিনা সন্দেহ। এসময় বলা হয়, ডেসটিনি কর্তৃক হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বিশ্বব্যাংক কর্তৃক দুর্নীতির অভিযোগে ঋণচুক্তি বাতিল হয়েছে। এ সম্পর্কে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও কর্মকর্তাদের অসংলগ্ন বক্তব্য সমস্যার সমাধান করতে পারেনি, বরং সমস্যা আরও জটিল করেছে। হলমার্কের ঋণ কেলেঙ্কারিসহ একের পর এক নানা ঘটনার পরও দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক নয় বলেও নেতারা মত প্রকাশ করেন। সভায় বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থবিরোধী রেন্টাল পাওয়ার প্লান্ট বন্ধ করে বিদ্যুতের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি জানানো হয়। ১১ দলের নেতা আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য আবু হামেদ সাহাবুদ্দিন, গণ আজাদী লীগের আব্দুল জব্বার প্রমুখ।